চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
মর্নিং ওয়াকে বেরিয়ে ফের একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিধলেন দিলীপ ঘোষ। সোমবার রীতিমত আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি।
এসএসসি কাণ্ডে গ্রেফতার প্রসন্নর বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া যাওয়া নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। ময়দানে তৃণমূল। এই ইস্যুতে দিলীপ ঘোষের গ্রেফতারি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব ।
এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, ” কারা এসব বলছে? যারা পশ্চিমবাংলায় লুঠের রাজত্ব কায়েম করেছে? কারা দাবি করছে? যারা হরিশ মুখার্জি লেন কে হরিশ ব্যানার্জি লেন করে দিয়েছে। ৩৬ টা প্লট লুঠ হয়েছে ওখানে। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? আমি বলছি, তোমাদের দম থাকলে গ্রেফতার করে নাও। সিবিআই ইডি এসব নিয়ে মাথা ঘামায় না। অরিজিনাল দলিল ব্যাঙ্কে আছে। প্রসন্ন ওই আবাসনের ইনচার্জ। আমি ওকে চিনতাম। আমার ইলেকট্রিক মিটারে নাম বদলের জন্য ওকে জেরক্স কপি দিয়েছিলাম। আমি লোন নিয়ে বাড়ি কিনেছি। তাতে ওদের খাওয়া ঘুম উড়ে গেছে। আর নিজেরা লুঠ করে একাকার করে দিচ্ছে।”
এখানেই শেষ নয়, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অশালীন আক্রমণ করেছে বলে ও অভিযোগ। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত ক্ষমা চাননি , যা নিয়ে সরব তৃণমূল। এমনকী ক্ষমা না চাইলে শুভেন্দু অধিকারীকে বীরবাহা হাসদার জুতো পরিষ্কার করানো হবে বলে হুঁশিয়ারি দেন কুনাল ঘোষ। যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এসব ডায়লগ দিয়ে কিচ্ছু হবে না। যদি মনে হয় কোর্টে যান। কোর্ট বিচার করবে। দ্রৌপদী মন্তব্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে ১৫ দিন নেন। আপনারা যেভাবে সাংবিধানিক পদের অবমাননা করেছেন, তার জন্য ক্ষমা কে চাইবে? উনি নিজে কোনোদিন ক্ষমা চেয়েছেন? দ্রৌপদী কাণ্ডে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন।”
পাশাপাশি এদিন উত্তর বঙ্গের জগদীশ বর্মা বসুনিয়া, উদয়ন গুহদের ‘হুমকি’ নিয়েও পাল্টা হুঁশিয়ারি দিলীপের তাঁর বক্তব্য, ” এর আগেও ওরা অত্যাচার করেছে। ওকে জিজ্ঞাসা করুন, লোকসভা ভোটের আগে ৬ মাস কোথায় ছিলেন? কোথায় পালিয়ে গেছিলেন? পাবলিকের মারের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন। তারপর পুলিস নিয়ে ঢুকেছিলেন। উদয়ন গুহও তাই। দুজনকেই আমরা আগে পরাস্ত করেছি। পাবলিক জনে কাকে কি ওষুধ দিতে হবে। ওরা যথাসময়ে সেটা পাবেন। পুলিস, গুন্ডা, বর্ডার টপকে আসা দুষ্কৃতকারী, এদের নিয়ে উৎপাত করছেন। ভাবছেন, রাজা হয়ে গেছেন। এভাবে বেশিদিন চলবে না। ” আগামী মাসেই মোদী- মমতা বৈঠক নিয়ে ও মুখ খুলে তিনি বলেন,
“যাকে নেমন্তন্ন করলে দিল্লী যায়না, সে হঠাৎ আগ বাড়িয়ে দিল্লী যেতে চাইছে কেন? ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news