ওয়েব ডেস্ক:
মহারাষ্ট্রে জয় সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলে অস্বস্তিতে বিজেপি। দেখা যাচ্ছে সে রাজ্যের বিজেপি সরকারের ৭ ক্যাবিনেট মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি এবং বিধানসভার অধ্যক্ষ পিছিয়ে পড়েছে নিজেদের কেন্দ্রে। ৯০ আসনের হরিয়ানায় বিজেপি এগিয়ে ৩৭টি আসনে, অন্যদিকে ২৮টি আসনে এগিয়ে থেকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। ফলাফল আন্দাজ করে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
এই বিষয়ে ফরিদাবাদের সাংসদ কৃষ্ণপাল বলেন, ‘এখনও পর্যন্ত যা ফলাফল তাতে করে জনগণ বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন। মনোহর লাল খট্টরের নেতৃত্বেই হরিয়ানায় সরকার গঠিত হবে। তবে আমাদের এখনও কিছু সময়ের জন্য অপেক্ষা করা উচিত।’
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চললেও সে রাজ্যেও কংগ্রেস-এনসিপির জোট ১০৩টি আসনে এগিয়ে। অর্থাৎ কিনা তারা ‘আগাম শক্তিশালী বিরোধী শক্তি’ হিসাবে মাথাচাড়া দিচ্ছে। অন্যদিকে হরিয়ানার ফল ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা ঘটলে ‘কিংমেকার’ হয়ে উঠতে পারে জননায়ক জনতা পার্টির দুষ্মন্ত চৌটালা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news