ওয়েব ডেস্ক:
কংগ্রেসের বড় নেতার মৃত্যু হরিয়ানায়। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হরিয়ানায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরি। সূত্রের খবর, বুধবার ফরিদাবাদের একটি জিমে গিয়েছিলেন তিনি। জিম থেকে ফেরার সময় তাঁর উপর হামলা হয়। পথ আটকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় একদল দুষ্কৃতী। ওই কংগ্রেস নেতাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বিকাশ চৌধুরির শরীরে মোট ১০টি গুলি বিঁধে ছিল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

বিকাশ চৌধুরির খুনের ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের সভাপতি অলোক তনবার এই বিষয়ে বলেন, “জঙ্গল রাজ চলছে। আইন ব্যবস্থার উপর ভয়টাই আর নেই। গতকালও এমন ধরনের ঘটনা ঘটেছে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছুরিকাহত হতে হয়েছে এক মহিলাকে। ঘটনার তদন্ত হওয়া উচিত।”
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একদল মুখোশধারী দুষ্কৃতী বিকাশ চৌধুরির গাড়ি ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে। ঘটনার তদন্ত নেমেছে হরিয়ানা পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news