Breaking News
Home / TRENDING / জিএসটি সহায়, জ্বালানীর দাম কমাতে এমনই ভাবছে কেন্দ্র

জিএসটি সহায়, জ্বালানীর দাম কমাতে এমনই ভাবছে কেন্দ্র

ঋত্বিক মুখোপাধ্যায় :  

পেট্রল এবং ডিজেলকেও কী শেষ পর্যন্ত জিএসটি-র আওতায় এনে সাধারণ মানুষকে পেট্রোপণ্যের নাভিশ্বাস তোলা মূল্য বৃদ্ধি থেকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী রেহাই দেওয়ার ব্যবস্থা করা হবে!
শাসক দলের অন্দরমহলের একটা বড় অংশে এই নিয়ে বিস্তর আলাপ আলোচনা শুরু হয়েছে। তথ্যভিজ্ঞ মহলের ধারণা পেট্রল এবং ডিজেলের ওপর যে ২২% হারে কমপেনশেসন, সেস-এর ওপরেও যদি ২৮% হারে জিএসটি চাপানো হয়, তাহলেও দিল্লিতে পেট্রোলের পাইকারি মূল্য এক লহমায় কমে লিটার পিছু ৬৩ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে দাঁড়াবে। অর্থাৎ বর্তমান মূল্য থেকে এক ধাপে ২০% কমে আসবে পেট্রোলের দাম। আর জিএসটি ওপর সেস-এর সম্মিলিত হার যদি আরও কমানো সম্ভব হয় তাহলে পেট্রোলের দাম আরও কম হয়ে যাবে। ডিজলের ক্ষেত্রে, জিএসটি প্রয়োগ করা হলে তার দাম এই হারে কম না হলেও যথেষ্ট কমে আসবে। আর মজার কথা হল—যেহেতু আন্তর্জাতিক বাজারে পেট্রল এবং ডিজেলের মৌলিক দাম প্রায় একই, এই দুই পণ্যের ওপর যদি সমানুপাতিক হারে জিএসটি চাপানো হয় তাহলে দুটি পণ্যের মধ্যে দামের ফারাক ক্রমশঃ কমে আসবে। কিন্তু সমস্যার কথা হল বিজেপি-র ভেতর থেকেই আর একটি অংশ মনে করছে যে পেট্রল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় আনা হলে কেন্দ্র এবং রাজ্য—দুইয়েরই রাজস্ব আদায় অনেকখানি কমে যাবে। ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত এই দুই অপরিহার্য জ্বালানীর ওপর প্রায় ৯ দফা এক্সাইজ ডিউটি বা শুল্ক বাড়িয়ে রাজস্ব প্রায় দ্বিগুণ বাড়ানো হয়। পেট্রোপণ্য থেকে কেন্দ্রীয় রাজাস্ব ৯৯, ১৮৪ কোটি টাকা (২০১৫ অর্থ-বছর) থেকে বেড়ে ২,৪২,৬৯১ কোটি টাকায় (২০১৭ অর্থ-বছর) দাঁড়িয়েছে। ২০১৮ অর্থ-বছরেও এই সংখ্যা বাড়বে তবু কমবে না। কিন্তু জিএসটি-র আওতায় আনা হলে পেট্রোপণ্য থেকে কেন্দ্রের রাজস্ব আদায় এক লাফে কমে ১,৩০,০০০ কোটি টাকা থেকে ১,৪০,০০০ কোটি টাকার মধ্যে দাঁড়াবে। রাজ্যগুলির পেট্রো-রাজস্বও কমে প্রায় ৫০ হাজার কোটিতে ঠেকবে। আর মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানার মত রাজ্যগুলি যারা পেট্রোপণ্যের ওপর ৩০% হারে ভ্যাট চাপায়—তাদের ক্ষেত্রে এই রাজস্ব-ক্ষতি আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই জিএসটি কাউন্সিলে গেলে এই ধরণের প্রস্তাবের বিরোধিতা হওয়ার–ই সম্ভাবনা। তবে অর্থনীতিবিদদের ধারণা পরিবহণ জ্বালানীর ওপর কর কাঠামো এবং ব্যবস্থায় যে বিস্তর জটিলতা আছে জিএসটি চালু হলে সেই জটিলতা দূর করা সম্ভব হবে। এমন কি যে হারে আমাদের দেশে এই দুই পেট্রো জ্বালানীর চাহিদা এবং ব্যবহার বেড়ে চলেছে তাতে সরকারি এই রাজস্ব ক্ষতি দূর হতেও বেশি সময় না লাগারই কথা। এই সঙ্গে এও মনে রাখতে হবে যে জিএসটি চালুর পরে পেট্রোপণ্যের পাইকারি মূল্য কমলে তেল বিপনন সংস্থাগুলি জিএসটি-র মাধ্যমেই তাদের সামগ্রিক করের বোঝা কমাতে পারবে। ফলে পেট্রোলের এবং ডিজেলের পাইকারি মূল্য পরবর্তীকালে আরও কমানোর সুযোগ ও সম্ভাবনা থাকবে।
সরকার একবার সাহসে ভর করে এটা করে ফেলতে পারলে বা উদ্যোগটা অন্তত নিলে বিরোধীরা কিন্তু উভয় সংকটে পড়ে যাবে। আর পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনাটা একই সঙ্গে ‘Good Economics & Good Politics’ হয়ে উঠতে পারে।

(লেখক, সহকারী সম্পাদক ফিনান্সিয়াল ক্রনিকল)

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *