চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মারা গেলেন অভিনেতা ইরফান খান। মৃত্যুর পর শুধু ভারতেই নয়, পৃথিবীর সিনেমা জগতের কাছে নিজের অভিনয় দক্ষতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন এই ভারতীয় অভিনেতা। মঙ্গলবার রাতে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সে। মাত্র চার দিন আগে তাঁর মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি তিনি।

তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন ইনফেকশন নিয়ে। আজ সকালে শেষ হয়ে গেল তাঁর জীবন যুদ্ধ।

অনুরাগীদের উদ্দেশে বুধবার টুইটারে ইরফান লিখেছিলেন, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিক ক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশা থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” অভিনেতার মৃত্যুতে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, “অভিনেতা ইরফান খানের মৃত্যুতে খুব খুব দুঃখ পেলাম, অভিনয় জগৎ কে অনেক দিয়েছেন, আরও অনেক দিতেন, এক বিশাল সম্ভাবনার ছন্দপতন হলো, জন্নতবাসী হোন তিনি।”

১৯৬৭ সালের ৭ জানুয়ারী জয়পুরে জন্ম ইরফানের। আসল নাম শাহাবজাদে ইরফান আলী খান। ১৯৮৫ সালে ‘সালাম বম্বে’ ছবি দিয়ে যুবক ইরফান অভিনয় জীবন শুরু করেন। নব্বইয়ের দশকে ‘ভারত এক খোঁজ’, ‘চাণক্য’ ও ‘চন্দ্রকান্তা’ টিভি সিরিয়াল দিয়ে দেশের মানুষের কাছে অতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ধীর গতিতে হলেও, ভারত তথা বিশ্ব সিনে মানচিত্রে ভালো অভিনয় করে জায়গা বানিয়েছিলেন ইরফান। আন্তর্জাতিক পর্যায়ে ‘দ্য আমেজিং স্পাইডার ম্যান’, ‘দ্য নেমসেক’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাইফ অফ পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য চির স্মরণীয় থাকবেন ইরফান খান (Irfan Khan)।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news