নীল রায় ও সূর্য সরকার।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই অসুস্থ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে হাসপাতালে গেলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার সকালে কনভয় নিয়ে এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। সাক্ষাৎ করেন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। খোঁজখবর নেন তাঁর শারীরিক পরিস্থিতির। সূত্রের খবর, হাসপাতালে উপস্থিত কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে মন্ত্রীর স্বাস্থ্য প্রসঙ্গে জানতে চান রাজ্যপাল। প্রসঙ্গত, শনিবার নিজের কোচবিহারের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন রবীন্দ্রনাথ। শারীরিক অবস্থার কথা মাথায় রেখে রবিবার তাঁকে আনা হয় কলকাতায়।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে নানা ইস্যুতে সংঘাত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের। তা সত্ত্বেও কখনও সৌজন্যতা সম্পর্ক রক্ষা করতে ভোলেননি জগদীপ ধনখড়। তা কালীপুজোর মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়ে পুজোয় অংশ নেওয়া হোক, বা মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুত্র সন্তান জন্মের পর রুপোর বাটি-চামচ দিয়ে তাঁর মুখ দেখতে হাসপাতালে যাওয়া। সবই করেছেন সৌজন্যতার পরাকাষ্ঠা মেনে।
সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপ দলনেতা শুখেন্দুশেখর রায় রাজ্যপালের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। ওইদিনই শিলিগুড়িতে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত নিয়ে জবাব দিয়েছেন রাজ্যপাল। তদসত্ত্বেও রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্রনাথ ঘোষকে হাসপাতালে দেখতে এসে আবারও সৌজন্যতা নজির গড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news