নীল রায়।
আবারও রাজ্যপালের মুখে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের। এবার টুইট করে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। রবিবার সকালে এক টুইট বার্তায় জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বলেন, “সংবিধান যে মত প্রকাশের অধিকার দিয়েছে তা হল এক সোনালী উপহার এবং যে কোনও ধরনের অসহিষ্ণুতাই গণতন্ত্রের পক্ষে ধ্বংসাত্মক”। তিনি আরও বলেন “মতের ফারাক হতেই পারে। তা যাতে ভদ্র ভাবে হয় সেটাই শেখা উচিত”।
এমন কথা বলার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যপাল বলেন, “স্ট্রাকচারড মেকানিজম তথা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে যে অসহিষ্ণুতা প্রকাশ পায় তা শুধু উদ্বেগজনক নয় দুঃখজনকও বটে”। রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের এমন টুইট কংগ্রেস নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের (Sanmoy Banerjee) গ্রেফতারকে কেন্দ্র করেই। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকার প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করায় গ্রেপ্তার হয়েছিলেন সন্ময়। যদিও রবিবারই পুরুলিয়া আদালত জামিন দিয়েছে তাঁকে। তবে রাজ্য সরকার গতিবিধিতে যে রাজ্যপালের যথেষ্ট নজর রয়েছে তা তিনি এদিনের টুইট মারফত বুঝিয়ে দিয়েছেন।
শহরের অন্য একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherji) নাম না করে আবারও তাঁকে পরামর্শ দিয়েছেন জগদীপ ধনখড়। তিনি বলেন, “রাজ্যের একজন বরিষ্ঠ মন্ত্রী যিনি সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাঁর উচিত সবকিছু জেনে শুনে মন্তব্য করা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news