নিজস্ব প্রতিবেদন:
পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে বোমা বর্ষণ করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই হামলার ফলে পাক অধিকৃত কাশ্মীরের জুরা, কুন্দলশাহীতে জঙ্গিদের ৪টি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। আন্দাজ করা হচ্ছে এর ফলে প্রায় ৩৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়া এই হামলার ফলে ৪ থেকে ৫ জন পাকিস্তানি সেনারা মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর সম্ভবত এটিই সেনার সবথেকে বড় অভিযান বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
সেনার তরফে সংবাদ সংস্থাকে দেওয়া খবর অনুযায়ী, শনিবার সীমান্তে পাকিস্তানি জঙ্গি সংগঠনের হামলার ফলে দুই ভারতীয় সেনা শহীদ হন। মৃত্যু হয় এক সাধারণ মানুষের। তারই পাল্টা হিসেবে আজ ভারতীয় সেনা পাক অধিকৃত জঙ্গি সংগঠনগুলিতে হামলা চালায়। অপরদিকে ভারতীয় সেনার এই দাবিকে খারিজ করে পাকিস্তানের সেনার তরফে বলা হয়, পাকিস্তানি সেনার গুলিতে ৯ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কিন্তু পাকিস্তানের এই দাবিকে খারিজ করে দেয় ভারতীয় সেনা।
তবে এদিন ভারতীয় সেনার এই হামলা কথা মেনে নিয়ে পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারতীয় সেনার এই হামলার ফলে এক পাকিস্তানি সেনা ও ৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা যায়, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি সংগঠনের আনাগোনা নজরে আসতেই তারা তৎপর হয়। তারপর সময় বুঝে হামলা চালানো হয় জঙ্গি ঘাঁটিগুলিতে। জানা গিয়েছে, ওই জঙ্গি গোষ্ঠীগুলিকে ভারতীয় সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা করেছিল পাক সেনা। সেই উদ্দেশ্যে তারা শনিবার রাতে ভারতীয় সীমানায় গোলাগুলি শুরু করে। কিন্তু ভারতীয় সেনার সতর্কতার জন্য পাক সেনার সেই উদ্দেশ্য ব্যর্থ হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news