নীল রায়।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) ২৫তম বর্ষে আমন্ত্রণ জানানো হল না রাজ্যপাল জাগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। আগামী ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একঝাঁক বলিউড তারকাদের উপস্থিতিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। রাজভবন (Rajbhaban) সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। যেই কারণে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড়। দিন কয়েক আগেই রাজভবনে আয়োজিত বিজয় সম্মেলনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল অভিযোগ করেছিলেন কোনও সরকারি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাচ্ছে না রাজ্য সরকার। প্রকাশ্যে এমন অভিযোগ করা সত্ত্বেও চলচ্চিত্র উৎসবে তাঁকে আমন্ত্রণ পত্র পাঠায়নি সরকারপক্ষ।
এ প্রসঙ্গে সরকারী সূত্রে জানা গিয়েছে, চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ফিল্ম ফেস্টিভাল কমিটি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এর কোনও যোগ নেই। কেবলমাত্র পরিকাঠামোগত সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার। তাই রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কমিটির ওপর। রাজ্য প্রশাসনের সকলেই জানেন মুখে ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির কথা বলা হলেও, বকলমে চলচ্চিত্র উৎসবের যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারের। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চাননি বলেই আমন্ত্রণপত্র পাঠানো হয়নি রাজভবনে। অথচ অমিতাভ বচ্চন (Amitabha Bacchan), শাহরুখ খান (Saharukh Khan), রাখি গুলজারদের মত বলিউড তারকা সমৃদ্ধ উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে চেয়েছিলেন রাজ্যপাল।
এক্ষেত্রে আরও একটি যুক্তি রয়েছে রাজ্য সরকারের। এর আগে কোনও রাজ্যপালকে চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি ফেস্টিভ্যাল কমিটি। তাই যাবতীয় রীতিনীতি মেনেই রাজভবনে আমন্ত্রণ যায়নি। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় যেতে চাওয়ায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাও সেটি ছিল মুখ্যমন্ত্রীর-রাজ্যপালের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। যেভাবে রাজ্যপাল প্রায় প্রতিদিন রাজ্য সরকারের প্রকাশ্য সমালোচনা করছেন। তা একেবারেই পছন্দ নয় মুখ্যমন্ত্রীর। তাই মুখ্যমন্ত্রীর মতের বিরুদ্ধে গিয়ে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে তাঁর ক্ষোভের মুখে পড়তে নারাজ ফেস্টিভাল কমিটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news