সূর্য সরকার।
রাজ্যপালের সুন্দরবন (Sundarban) সফর ঘিরে ফের চাপানউতোর চরমে উঠল। উত্তর ২৪ পরগনা জেলা সফরে গিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সফরে গিয়েছেন রাজ্যপাল। সেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা সজনেখালি, সন্দেশখালি সহ সুন্দরবনেরএকাধিক জায়গায় ঘুরে দেখবেন তিনি। সেখানে সকালে জেলায় পৌঁছানোর পর জেলাশাসক চৈতালি চক্রবর্তী রাজ্যপালকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না। জেলাশাসকের এহেন আচরণে ক্ষুব্ধ রাজ্যপাল তোপ দাগলেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে।
রাজভবন সূত্রে খবর, ১৬ অক্টোবর রাজভবন থেকে জেলাশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছিল বিস্তারিতভাবে রাজ্যপালের সফর সংক্রান্ত। তারপরেও রাজ্যপালের মত সাংবিধানিক প্রধানকে একজন জেলাশাসক কীভাবে উপেক্ষা করতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্যপালের চিঠির পরিবর্তে পাল্টা একটি চিঠি রাজ্যভবনে পাঠানো হয়েছিল। জেলাশাসকের তরফে বলা হয়েছিল ছুটিতে থাকার কারণে জেলাশাসক রাজ্যপালের সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। ছুটিতে থাকার কারণে রাজ্যপালকে অভ্যর্থনা জানাতে আসতে পারেননি।
পাশাপাশি, জেলাশাসক চিঠি দিয়ে রাজভবনকে একথা জানিয়ে দিয়েছিলেন সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে বা প্রশাসনিক কর্তা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা বৈঠকের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের অনুমতির প্রয়োজন। রাজ্য প্রশাসনের অনুমতি ছাড়া এই বৈঠক হতে পারে না। চিঠিতে সেই কথাও জেলাশাসক রাজভবনকে জানিয়েছিল বলেই জেলা প্রশাসন সূত্রে খবর। জেলাশাসকের দেওয়া সেই চিঠির পরিপ্রেক্ষিতে নিজের ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, “রাজ্যপালের মত সাংবিধানিক পদ অপমানের সমান। রাজ্যপালকে বৈঠক করতে হলে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন! মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছে তাই বলে জেলাশাসক ছুটি নিয়ে নেবেন এটাও কি সম্ভব !” ফলে এই ঘটনার জেরে ফের একবার রাজ্য রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news