নিজস্ব প্রতিবেদন:
আজ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ৫৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহের প্রশংসা করে মোদি টুইট করে লেখেন, “একজন পরিশ্রমী, অভিজ্ঞ, দক্ষ সংগঠক এবং ক্যাবিনেটে আমার সহকর্মী অমিত শাহকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই।”
প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিজেপি সভাপতিকে শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজনাথ সিংহ বলেন বিরামহীন, পরিশ্রমী, কৌশলী এবং মন্ত্রিসভায় আমার সহকর্মী অমিত শাহকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি দেশের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সদা সচেষ্ট। ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। স্বরাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শুভেচ্ছা জানান গৌতম গম্ভীরও।
গুজরাতের মাটি থেকে রাজনীতি শুরু করেছিলেন অমিত শাহ। তখন থেকেই মোদীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপি সভাপতি পদে তাঁকে নিয়ে আসেন মোদী। তারপর থেকে মোদী শাহের জুটি বিজেপিতে সবথেকে বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। তিনি বিভিন্ন নির্বাচনে সবথেকে বেশি জনসভা করে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন দলকে। অরুণ জেটলির প্রয়াণের পর মোদী সরকারের একাধিক মন্ত্রী গোষ্ঠীর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরাও আলোচনা করতেই এখন নর্থ ব্লকে তাঁর কাছে ছুটে যান। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর উল্লেখযোগ্য ভাবে কাশ্মীর ৩৭০ অনুচ্ছেদ রদ করে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান বিজেপির এই নেতা। রাজনৈতিক মহলের মতে, বিজেপি নেতাদের মধ্যে ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অমিত শাহই এগিয়ে।
সোমবার সঙ্ঘ ঘনিষ্ঠদের এক অনুষ্ঠানে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহকে আশীর্বাদ করেন এক প্রবীণ। যা শুনে সভাগৃহ জুড়ে করতালির ঝড় বয়ে যায়। এই প্রথম সঙ্ঘের অনুষ্ঠানে প্রকাশ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহের নাম আলোচনা হওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পরে অমিত শাহের নাম বিভিন্ন মহলে আলোচনা হলেও, তা নিয়ে নিশ্চুপ শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, “না, না এমন কিছুই নয়। নানা সময়ে এমন অনেক ধারণা তৈরি করা হয়। নরেন্দ্র মোদীই আমাদের সকলের নেতা। তাঁর নেতৃত্বেই আমরা নিজ নিজ দায়িত্ব পালন করছি মাত্র।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news