সূর্য সরকার।
যাদবপুরের রেশ কাটতে না কাটতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু রাজ্যপাল তথা আচার্য কি থাকবেন? এটাই এখন কার্যত লাখ টাকার প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে মুখ্য অতিথির নাম নেই। নাম নেই আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়েরও। তবে কী তাঁকে ছাড়াই অনুষ্ঠিত হবে সমাবর্তন?
আজ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাবর্তন অনুষ্ঠান। প্রয়োজনে রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রে নাম নেই রাজ্যপালের। যদিও সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ঢুকতে দেননি ছাত্রছাত্রীরা। যাদবপুরের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ না থাকা সত্ত্বেও রাজ্যপাল সেখানে উপস্থিত হন যার জেরে সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও তারপর তাঁকে ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান পালিত হয়।তাহলে কি কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন মঞ্চেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে, নাকি সব ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে একই মঞ্চে দেখা যাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news