চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আগামীকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। ৪ মার্চ তা শেষ হওয়ার পর আবার ১৪ তারিখ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (Higher Secondary) এবং একাদশ শ্রেণির পরীক্ষাও চলবে একসাথে, যা ২৭ মার্চ অবধি চলবে। এই সময়টুকু পরীক্ষার্থীর সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত ঘোষণা করলো কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।
এমনিতে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবার দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান খানিকটা বেশি থাকে। জানা গেছে, এই পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, সেই সময়ের ব্যবধান কমানো হবে ও শনিবার করে অতিরিক্ত ৮টি মেট্রোও চালানো হবে বলেও জানা গেছে।
এই পরীক্ষা চলাকালীন মোট চারটি শনিবার অতিরিক্ত মেট্রো চলবে, ২৫ ফেব্রুয়ারি,৪ মার্চ, ১৮ মার্চ, ২৫ মার্চ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি, অর্থাত্ পরীক্ষা শুরুর সময়ে চলবে অতিরিক্ত চারটি মেট্রো। আবার পরীক্ষা শেষে সময় দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত চারটি মেট্রো।
এছাড়া সকাল ৯টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর যাত্রীরা মেট্রো পরিষেবা পাবেন। জানা গেছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে এই পরিষেবা মিলবে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও এমন কোনও ব্যবস্থা হচ্ছে কিনা, তা এখনও স্পষ্ট করে জানায়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news