ওয়েব ডেস্ক:
এবার কাটমানি নিয়ে রণক্ষেত্র গোবরডাঙা। পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ পুলিশের, অন্যদিকে ব্যাপক লাঠিচার্জ হয়েছে বলে জানিয়েছে গেরুয়া শিবির। যার জেরে বেশ কয়েকজন বিজেপি সমর্থক আহত হয়েছে। প্রসঙ্গত, শনিবার কাটমানি ইস্যুতে এবং গোবরডাঙা হাসপাতাল চালু করার দাবি তুলে স্থানীয় পুরসভায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল বিজেপির। আগেই ঘোষিত এই পুর-অভিযানে এদিন জড়ো হন অসংখ্য গেরুয়া সমর্থক। উল্টো দিকে পুলিশের তরফে পালটা প্রস্তুতি ছিল। পুরসভায় আসার তিনটি রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল প্রশাসন।
কিন্তু ঝামেলা বাঁধে তখন, যখন একটি রাস্তা দিয়ে বিজেপির প্রায় শ’পাঁচেক কর্মী সমর্থক ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপরেই পুলিশ মারমুখি হয়ে ওঠে। পুলিশ-বিজেপি কর্মীদের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায়। ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরস্থিতি তবু নিয়ন্ত্রণে না আসায় কাঁদানো গ্যাসের সেলও ফাটানো হয়। দুপক্ষের হাতাহাতিতে পুলিশের দুজন গুরুতর জখম হন বলেও জানা গিয়েছে।
পাশাপাশি এদিনের সংঘর্ষে ২৫ থেকে ৩০ জন বিজেপি সমর্থক জখম হয়েছে। যার মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে বলে খবর। কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news