Breaking News
Home / TRENDING / আত্মাঘাতী গৌরব দত্ত, ট্যুইটারে প্রেস বিবৃতি পুলিশের এবং প্রত্যাহার!

আত্মাঘাতী গৌরব দত্ত, ট্যুইটারে প্রেস বিবৃতি পুলিশের এবং প্রত্যাহার!

নীল রায়

প্রাক্তন পুলিশকর্তা গৌরব দত্তের আত্মহত্যার ঘটনায় ট্যুইটারে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার সকালে সিপিএমের মুখপত্র গণশক্তিতে একটি প্রতিবেদন প্রকাশের পর। গৌরব দত্তের সুইসাইড-নোটকে হাতিয়ার করে সিপিএমের মুখপত্রে প্রতিবেদনটি প্রকাশিত হয়। যেখানে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রীর স্বৈরাচারের কারণেই আত্মঘাতী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। ওইদিন রাতেই ট্যুইটারে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ পুলিশ। যেখানে বলা হয়, ৬০ বছর বয়সে ৩১ ডিসেম্বর ২০১৮ অবসর নেন গৌরব দত্ত। তার আগে ২৭ অগাস্ট ২০১৮ সালে তিনি অবসরকালীন সুযোগ-সুবিধের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন। তাঁর এই আবেদনের ভিত্তিতে ১০ দিনের মধ্যে আইপিএস সেল ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে গৌরব দত্তর সমস্ত কাগজপত্র হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরে পাঠিয়ে দেয় (মেমো নম্বরঃ ১৩৭৭-আইপিএস সেল)। অবসরের সময় গৌরব দত্তর বেসিক পে ছিল ১ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা (ডিসেম্বর ২০১৮ পর্যন্ত এই বেতনই পেয়েছেন গৌরব দত্ত)। এই বেতনের ভিত্তিতে তার ৫০ শতাংশ, অর্থাৎ ৯৯ হাজার ৮০০ টাকা গৌরব দত্তর পেনশনের জন্য বরাদ্দ হয় এবং ২০১৯ সালের ৯ জানুয়ারি সেই অর্ডার বের হয় (জি ও নম্বরঃ ২০ পিএস সেল/ এইচআর/ও/৪পি-১৬২০১৮)। এবং জানুয়ারি মাসের তাঁর মোট পেনশন ১ লক্ষ ৮ হাজার ৭৮২ টাকা গত মাসের ২৯ তারিখ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।


চলতি মাসে অর্থাৎ, ফেব্রুয়ারির ৭ তারিখ ইনসিওরেন্স বাবদ ১ লক্ষ ৮৩ হাজার ৯৩৮ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা করে সরকার। তাঁর গ্র্যাচুইটির ২০ লক্ষ টাকা অনুমোদন করা সম্ভব হয়নি, কারণ তাঁর বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল তা শেষ হয়নি। অভিযোগে ছিল, গৌরব দত্তকে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) দেয়নি রাজ্য। আসল ঘটনা কী? জানানো হয়, গৌরব দত্ত তাঁর জিপিএফের ৯০ শতাংশ টাকা, যার পরিমাণ ৪৮ লক্ষ টাকা, ২০১৮ সালের জানুয়ারি মাসে তুলে নিয়েছিলেন। বাকি যে ১০ শতাংশ টাকা বকেয়া ছিল তাও সরকার তাঁর আবেদনের ভিত্তিতে অবসরের পর এবছর জানুয়ারি মাসে ২৯ তারিখ রিলিজ করে দেয় (১৩৭-পিএসসেল/এইচআর/ও/১এ-০৩/০৯)।
জমা ছুটির বিনিময়ে যে টাকা তিনি পেতেন সেই টাকাও রিলিজ করে দেওয়া হয়েছে এবছর ফেব্রুয়ারি মাসে। প্রসঙ্গত, আইজি হিসাবে গত ৩১ জানুয়ারি অবসর নিয়েছেন গৌরব দত্ত। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, অবসাদ ও হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজেই ওই অভিযোগপত্র নির্দিষ্ট কিছু জায়গায় পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠরা। তাতে লেখা ছিল, বর্তমান মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবহার করে আমাকে হতাশাগ্রস্ত করে দেওয়ার সব রকম চেষ্টা করেছেন। তাঁর গ্র্যাচুইটি, কমিটেড ডিউ এবং সবেতন ছুটির মোট ৭২ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন গৌরব দও। শুক্রবার সকালেই ট্যুইটার থেকে সেই দুই পাতার প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

যদিও রাজনৈতিক দলগুলি এ বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন। রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা জাহির করে মুকুল রায় বলেন, “রাজ্য প্রশাসন দিয়ে প্রাক্তন আইপিএস গৌরব দত্তের মৃত্যুর রহস্যের জট খুলবে না। এই মামলার প্রকৃত সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্ত করুক।” তিনি আরও দাবি করেন, “গৌরব দত্তের উপর মানসিক চাপ তৈরি করায় মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক গৌতম সান্যাল দায়ী।”

এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, “বাম জমানায় বামফ্রন্টের এবং মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এই সরকারের প্রিয় পুলিশ অফিসারদের মধ্যে একজন ছিলেন গৌরব দত্ত। সুইসাইড নোটে যখন মুখ্যমন্ত্রীর নাম এসেছে এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখুক। যদি তার অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *