চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সোমবার গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি।
বুধবার এই ঘটনাকে ‘নজিরহীন’ বলে ব্যাখ্যা করল ভারতের বিদেশমন্ত্রক। এমনকি এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও ‘গুরুতর প্রভাব’ ফেলবে বলেও জানিয়েছে নয়াদিল্লি। এই সংঘর্ষ চীনা সেনাদের ‘পূর্ব পরিকল্পিত’ বলেও মন্তব্য করেছে ভারত। যার ফলে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন।
বুধবার এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে কথা বলেন চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে। ওই কথোপকথনে এস জয়শঙ্কর সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই ঘটনার জন্য চীনকে দায়ী করে ভারতের বিদেশমন্ত্রী বেজিংকে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
উল্টোদিকে চীনের বিদেশমন্ত্রক থেকে বলা হয়েছে, পরিস্থিতি যতটা সম্ভব শান্ত করার চেষ্টা করা হয়েছে। চুক্তি অনুসারে সীমান্তে শান্তি বজায় রাখার ব্যাপারেও চিন সম্মত হয়েছে বলে খবর।
সূত্রের খবর, জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীকে আরও বলেন প্রকৃত নিয়ন্ত্রনরেখা বরাবর চীনের বাহিনী চুক্তি লঙ্ঘন করে সংঘর্ষে লিপ্ত হয়। তবে কূটনৈতিক মহল দু’দেশের বিদেশমন্ত্রকের এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। কারণ এর আগে ৫ মে পূর্ব লাদাখে প্যাংগং ।হ্রদে দু’পক্ষের সেনাবাহিনীর মুখোমুখি স্থিতাবস্থা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছিল। প্রসঙ্গত, ১৯৬৭ সালের পর সোমবার রাতে দুই বাহিনীর সংঘর্ষ ছিল বৃহত্তম। ১৯৬৭ সালে নাথু লা-তে দুই বাহিনীর সংঘর্ষে ৮০ জন ভারতীয় জওয়ান ও ৩০০ জন চীনের সেনাবাহিনীর মৃত্যু হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news