চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ফুরফুরা শরিফের (Furfura Sharif) পীরজাদা আব্বাস সিদ্দিকির ওপর হামলার অভিযোগ উঠল ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় (Bhangore) থানা এলাকার কাজদিয়ায়। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন আব্বাস সিদ্দিকী। দুপুরে ফেসবুক লাইভ করে শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর ওপর হামলার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেন। ফেসবুক লাইভে আব্বাস সিদ্দিকী জানান, অনুগামী অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে এসেছিলেন তিনি। আচমকাই সেখানে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তাঁর বাহিনী নিয়ে তাকে আক্রমণ করে। তিনি বলেন, “আমি আমার সংগঠনের একটি ছেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দেখতে এসেছিলাম। হাজারো হাজারো মানুষ তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার নির্দেশে বোমা গুলি বন্দুক অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলেছে আমাদের। আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তোমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়িও ভাঙচুর করেছে তারা।”
তিনি তাঁর ওপর হামলার জন্য দলিত, আদিবাসী ও মুসলিম সমাজকে রাস্তায় নামতে আহ্বান করেন। আব্বাস সিদ্দিকী বলেন, “আদিবাসী ও মুসলিম সমাজের অধিকারের জন্য আমি সব সময় রাস্তায় নেমেছি। আমি একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছি বলে সেই রাগটা আজ আমার উপর দিয়ে দেখানো হচ্ছে। দেশের সংবিধান বাঁচানোর জন্য অধিকার বাঁচানোর জন্য। আমফানে গ্রস্থ মানুষের অধিকারের দাবিতে আমি বারবার সরব হয়েছিল। ভাই আমার উপর এই অত্যাচার হচ্ছে।” তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারকে জবাব দিতে হবে। রোড জ্যাম করে কি করে জবাব দেবে তোমরা আমার জানা নেই। শুধু এটুকু বলছি সরকারকে তোমরা জবাব দাও। কারণ প্রশাসন থাকা সত্ত্বেও আমার ওপর এই অত্যাচার হল। শাসনের চোখের সামনে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।” ফুরাফুরা শরীফের পীরজাদা দাবি করেছেন, তার সাহায্যের জন্য এগিয়ে আসায় গ্রামের কয়েকজন যুবকের হাত-পা ভেঙে দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী।
আব্বাস সিদ্দিকীর এমন বার্তার পরেই তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে কয়েক হাজার মানুষ ভাঙড় লাগোয়া ঘটকপুকুরের কাছে বাসন্তী হাইওয়ের (Basanti High Way) অবরোধ শুরু করেছেন। সেখানে উপস্থিত রয়েছেন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু। অবরোধকারীদের দাবি, শওকত মোল্লাকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news