চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয়। ফলস্বরূপ দক্ষিণী বাতাসে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে সাগর থেকে। এর প্রভাবে আগামী তিন-চারদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে (North Bengal) বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বৃষ্টির প্রভাবে। অসমে এমনিতেই বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। তার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলি প্লাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতাতে মেঘলা আকাশ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ । কলকাতা শহরে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৫.৬ মিলিমিটার। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ২৪ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন। আবহাওয়া দপ্তর আপাতত রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাস এর কথা জানিয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এছাড়াও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দু-এক পশলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news