চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মাছের খাবার চুরি করে বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) এক নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার দিঘিরপাড় অঞ্চলে। লকডাউনে (Lockdown) রাজ্য সরকারের মৎস্য দফতরের দেওয়া কয়েকশো বস্তা মাছের খাবার তৃণমূল নেতা আতিয়ার রহমান সর্দার বেআইনিভাবে চুরি করে বিক্রি করছেন বলে অভিযোগ। অভিযুক্ত ওই তৃণমূল নেতার সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন পঞ্চায়েত সদস্য স্ত্রী আনজুরা বিবিও।অভিযোগ, পঞ্চায়েত সদস্য স্ত্রী ও তৃণমূল নেতা ব্লকের সমস্ত মাছের খাবার নিজেদের ক্ষমতাবল দেখিয়ে চুরি করে বিক্রি করেছেন।
ক্যানিংয়ের এক প্রভাবশালী তৃণমূল নেতার অনুগামী বলে ওই দম্পতি পরিচিত। এর আগেও অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বারবার বেঁচে গিয়েছেন আতিয়ার রহমান ও তাঁর স্ত্রী আনজুরা। কিন্তু এবার তিনি পড়েন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে। লকডাউনের কারণে হাহাকার পরিস্থিতিতে এমন ঘটনা ঘটিয়ে এলাকাবাসীর রোষানলে পড়েছেন ওই দম্পতি। প্রতি বস্তা ২২০০ টাকা দরে বিক্রি করার সময় গ্রামবাসীরা তাঁকে বাধা দেয় এবং হাতেনাতে ধরে ফেলে। ৫০ কেজি ওজনের এই বস্তাগুলি মৎস্য চাষিদের দেওয়ার জন্য সরকার নির্দেশ দিলেও সেগুলি মূলত ওই নেতাই বিক্রি করে দিচ্ছেন এমনটা অভিযোগ গ্রামবাসীদের।
ক্যানিংয়ের মৎস্য দপ্তরের আধিকারিকের নজর এড়িয়ে কী করে কয়েকশো বস্তা খাবার বিক্রি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যানিং ব্লকের মৎস্য আধিকারিক অরুণ দেব বলেন, “যে খাবারগুলো চুরি করে বিক্রি হচ্ছিল তা সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে পাওয়া মাছের খাবার।” তৃণমূল নেতা আতিয়ার রহমান সর্দার ও তাঁর পঞ্চায়েত সদস্য স্ত্রীর সরকারের দেওয়া মাছের খাবার চুরি করে চড়া দামে তা বিক্রি করে দেওয়ার ঘটনায় ফুঁসছে ক্যানিং এলাকার বাসিন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news