ওয়েব ডেস্ক:
এবার প্রশ্ন উঠতে পারে, ফাটল ধরা উল্টোডাঙা উড়ালপুল তৈরির সময় কাটমানি কারা খেয়েছিল? অবশ্য সাম্প্রতিক অতীতে তৈরি কলকাতার সব সেতু, উড়ালপুল নিয়েই এমন প্রশ্ন উঠতে পারে। কারণ অতি দ্রুত সেগুলি অসুস্থ হয়ে পড়ছে। প্রসঙ্গ আরো উঠছে এই কারণে, যেহেতু বিষয়টি নিয়ে চিন্তিত স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। না, তিনি কাটমানির কথা মুখে আনেননি। তবে তাঁর আশঙ্কা, হয়তো নিম্নমানের সামগ্রীর কারণেই উল্টোডাঙার উড়ালপুলে ফাটল! অর্থাৎ ঘুরেফিরে বিষয়টা একই দাঁড়াল।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ জানান, নির্মাণকারী সংস্থা ম্যাকিনটশ বার্ন এই উড়ালপুল তৈরি করেছে। ডিজাইন অনুযায়ী যে সামগ্রী দেওয়ার কথা ছিল, তার থেকে নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এয়ারপোর্টগামী সেতুর যে অংশ, তা ঠিক রয়েছে। সেটি খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র।
এদিকে বৃহস্পতিবার উড়ালপুলকে ছন্দে ফেরাতে দফায় দফায় বৈঠক করেন পূর্ত দফতরের বিশেষজ্ঞ কমিটি। জানা গিয়েছে, শুক্রবার থেকেই উড়ালপুলের মেরামতির কাজ শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে উড়ালপুলটিতে একাধিক ফাটল ধরা পড়েছে। আপাতত স্টিল প্লেট লাগিয়ে ফাটল বন্ধ করা হবে বলে পূর্ত দফতর সূত্রে খবর। তবে যে পিলারে বড় ফাটল, সেটি মেরামত করতে অন্তত মাস দুয়েক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপাতত একটি বেইলি ব্রিজ তৈরি করে যান চলাচল স্বাভাবিক রাখা যায় কিনা, ভেবে দেখছেন বিশেষজ্ঞরা।
কিন্তু এ তো গেল উদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়ার প্রক্রিয়া। তাতে করে কি ভয় পুরোপুরি কাটছে? কাটছে না। কারণ রাজ্যবাসীর এতদিনে জানা হয়ে গেছে, যাবতীয় সরকারি বন্দোবস্তের গোলমালের অন্যতম কারণ কাটমানি। অনৈতিকতার চরমই এখন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ঐতিহ্য!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news