নিজস্ব সংবাদদাতা:
ঘটনাচক্রে যেদিন দলের প্রতিষ্ঠা দিবস, সেদিনই জন্মদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। ১লা জানুয়ারি, মঙ্গলবার ১৩৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যেমন রক্তাদান করলেন, তেমনই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার পক্ষে জোরালো সওয়াল করলেন তিনি। অথচ ২০০৬ সালে আলিপুর বিধানসভা কেন্দ্রে টিকিট না পেয়ে মমতার কালীঘাটের বাড়ি রাগ দেখাতে হাজির হয়েছিলেন সদলবলে। যদিও, তারপর আদি গঙ্গার পাড় দিয়ে কয়েক গ্যালন জল বয়েছে গত এক দশকে। এখন মুখ্যমন্ত্রীর অন্যতম আস্থাভাজনদের অন্যতম চেতলার ববি। দলের জন্মদিনের সঙ্গে তাঁর জন্মদিন কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে দলের প্রতিষ্ঠা লগ্নকেই এগিয়ে রেখেছেন তিনি। ব্যক্তিগত লক্ষ্য নয়, আপাতত নেত্রীকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়ে ফিরহাদ বলেন, ‘আর চাই না আচ্ছে দিন। ‘২০১৯ বিজেপি ফিনিস’ স্লোগান নিয়ে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ফেডারেল ফ্রন্টের ছাতার তলায় সব বিরোধী দলকে আনার কাজ করব। যার জন্য ব্রিগেডের সভা সফল করতেই আমাদের সব শক্তি নিয়ে ঝাপাতে হবে। আর দলের প্রতিষ্ঠা দিবসেই আমাদের এই শপথ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করে দেশকে অখণ্ড রাখতে হবে।’ নিজের জন্মদিন নিয়ে বিশেষ উচ্ছাস দেখাতে নারাজ কলকাতা বন্দর অঞলের বিধায়ক। তাঁর কথায়, আজ হয়তো আমার জন্মদিন। আজ না হয়ে কাল জন্মাতে পারতাম। তাতে কিছু এসে যায় না। তারা অবশ্যই আনন্দিত, যারা আমাকে ভালবাসেন। কিন্তু আমার কাছে নেত্রীর কথা মেনে চলা ও তাঁর নেতৃত্বে কাজ করাই বেশি জরুরি।’ উল্লেখ্য, রাজনৈতিক জীবনের শুরুতে তৎকালীন আলিপুরের বিধায়ক সৌগত রায়ের অনুগামী হলেও, ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত ববি। ২০০০ সালে কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধির জীবন শুরু করা ফিরহাদ ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুরমন্ত্রী। সম্প্রতি তাঁকে কলকাতার মহানাগরিক করেছেন মুখ্যমন্ত্রী। এমন দায়িত্ব নিয়ে তাই জন্মদিনের সকাল থেকে পরিবারকে ছেড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনেই ব্যস্ত রইলেন ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news