নিজস্ব সংবাদদাতা:
বিদায় ‘ভুবন সোম’। বিদায় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের মহাপরিচালক। রবিবার ৩০ ডিসেম্বর সকালেই গোটা দুনিয়ার সিনেমাপ্রেমিরা জেনে গিয়েছিল প্রয়াত হয়েছেন মৃণাল সেন। আজ মঙ্গলবার ছিল তাঁর শেষ যাত্রা।
এদিন দুপুরে নির্দিষ্ট সময়ে দেশপ্রিয় পার্কের বাসভবন থেকে কেওড়াতলা মহাশ্মশানে আনা হয় মৃণাল সেনের পার্থিব শরীর। তাঁর শেষ যাত্রায় যেমন ছিল গুণমুগ্ধ ভক্তের ভিড়, তেমনি ছিলেন পুত্র কুনাল সেন এবং সিনেমা ও থিয়েটার জগতের শিল্পী, কলাকুশলীরা। ‘আকালের সন্ধানে’র স্রষ্টাকে এদিন শেষ শ্রদ্ধা জানান শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার, মাধবী মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, রঞ্জিত মল্লিক, শ্রীলা মজুমদার, নন্দীতা দাস, অপর্ণা সেন প্রমুখ। এইসঙ্গে ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমের মতো রাজ্যের বাম শীর্ষ নেতৃবৃন্দও। বস্তুত গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আজ মৃণাল সেনের শেষ বিদায়ে উপস্থিত ছিল। উল্লেখ্য, মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হয় ঘরোয়া ভাবে, কোনওরকম সরকারি হস্তক্ষেপ ছাড়াই।
আগামী ২২ জানুয়ারি হবে প্রয়াত পরিচালকের স্মরণসভা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news