চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) বিরুদ্ধে লড়াই দীর্ঘতর হবে। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘ। এখানে ক্লান্ত হলে চলবে না। বিশ্রাম নেওয়ার কোনও অবকাশ নেই। এই যুদ্ধ আমাদের জিততেই হবে।” তিনি আরও বলেন, “দেশের এখন একটাই লক্ষ্য। তা হল, এই মারণ ভাইরাসকে পরাজিত করা। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। বাইরে বেরলেই মাস্ক পরে বেরন। আর ঘরে থাকলেও চাদর দিয়ে মুখ ঢেকে থাকুন। তবেই আমরা করোনা সংক্রমণ রুখতে পারব।”
লকডাউন পরিস্থিতিতে দেশের মানুষের ধৈর্যের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বললেন, “লকডাউনের সময় সাধারণ মানুষ যে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তার তুলনা হয় না।” করোনা সংকট সম্পর্কে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে লড়াই চালাতে হবে। আমাদের ক্লান্ত হলে চলবে না। অতিমহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য কঠিন প্রতিজ্ঞা করতে হবে।” মানুষের প্রদীপ জ্বালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় আমরা উপলব্ধি করেছি, আমাদের ঐক্যবদ্ধ শক্তি কতখানি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news