চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে উচ্ছ্বসিত আন্দোলনকারী কৃষকরা-সহ উচ্ছ্বসিত বিরোধী দলগুলিও। কিন্তু এই উচ্ছ্বাসের আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্দোলন করতে গিয়ে গত কয়েক বছরে যে সব কৃষক গ্রেফতার হয়েছেন, যাঁদের বিরুদ্ধে মামলা চলছে তাঁদের কী হবে? সরকার কি তাঁদের বিরুদ্ধে মামলা তুলে নেবে? তাঁদের কি রেহাই দেবে? নাকি এরপরেও তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে সরকার। বেশ কয়েকটি ক্ষেত্রে ইউএপিএ আইনে মামলাও হয়েছে। তাই উদ্বেগ আরও বেড়েছে।
এখন সরকার যদি মনে করে মামলা তুলবে তা হলে আদালতে হলফনামা জমা দিয়ে তা তুলে নিতে পারে। কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করা হলেও আন্দোলনকারী এই সব কৃষকদের ভবিষ্যৎ কী তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে হিসেব দিয়েছিল কৃষি আন্দোলনে শুধুমাত্র দিল্লিতেই ৩৯টি মামলা দায়ের হয়েছে। ২০২০-র সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ওই মামলাগুলি হয় দিল্লি সীমানায়। ইতিমধ্যে হরিয়ানা সরকার জানিয়েছে, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মোট ১৩৬টি মামলা দায়ের হয়েছে। সংযুক্ত কিসান মোর্চার দাবি, যমুনানগর, অম্বালা, কারনাল, সিরসা, কুরুক্ষেত্র, ঝাঁঝর, সোনিপত-সহ হরিয়ানার একাধিক জায়গায় আড়াই হাজার কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, কৃষক আন্দোলনে ১০ হাজারের কাছাকাছি কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news