চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
এ পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সকালে জোড়া টুইট করে এমন কথা বলেছেন তিনি। নিজের বক্তব্যের স্বপক্ষে বেশকিছু নথিও নিজের টুইটার হ্যান্ডেলে দিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের চাষীরা এ পর্যন্ত ৮,৪০০ কোটি টাকার সুবিধা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যর্থতার জন্যই এমন হয়েছে। সরকার প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পে তথ্য কেন্দ্রকে দেয়নি। গত ৭ ফেব্রুয়ারি, ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বলেছিলাম এ রাজ্যে চাষিরা মাত্র ৬২০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। কৃষকদের প্রতি অবিচার হওয়া উচিত নয়। দেশের যে কোনও প্রান্তের প্রাপ্য তাঁদের পাওনা।”
https://twitter.com/jdhankhar1/status/1293760068622532608?s=19
গত রবিবার প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনায় (Pradhanmantri Kishan Nidhi Yojna) দেশের সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প কার্যকর করতে অনুমতি না দেওয়ায় যথারীতি এই পাওনা থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। সোমবার এমনই অভিযোগ তুলে কড়া টুইট করলেন রাজ্যপাল। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, “এই প্রকল্পে পুরো টাকাটাই কেন্দ্র দেয়। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। মাঝে কোনও ফোঁড়ে নেই। কমিশন নেওয়ারও কেউ নেই! আমি তো বুঝতে পারছি না রাজ্য সরকার কেন এই প্রকল্পে বাংলার কৃষকদের অন্তর্ভুক্ত করছে না।” রাজ্য সরকারের এ হেন সিদ্ধান্তকে ‘ক্রুয়েল জোক’ বলেও কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে তিনি লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ব্যর্থতা এবং অকর্মণ্যতার জন্য বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। খুবই দু:খের যে অন্নদাতাদের এভাবে অবহেলা করা হয়েছে। সারা দেশে ৯২ হাজার কোটি টাকা কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বাংলার চাষিভাইরা তা পেলেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news