চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১বছর। তিনি ২০১১ ও ২০১৬ সালে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এ বছর শারীরিক অসুস্থতার কারণে ভোটে দাঁড়াননি। ভোটের পর সরকারের পক্ষে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। বিশিষ্ট শিক্ষাবিদ রবিরঞ্জনবাবু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বাংলার অধ্যাপনা করেছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, রবিবাবুর প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ২০১১ সালে বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী নিয়ে সমস্যা তৈরি হলে মহাশ্বেতা দেবীর সুপারিশে রবিরঞ্জনকে বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী করেন মমতা। প্রথমবার জিতে মন্ত্রী হন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news