নিজস্ব সংবাদদাতা:
সোমবার সকালে এন্টালি থানা চত্ত্বরে ধর্নায় বসলেন একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। দোষীদের গ্রেফতারির দাবি জানান তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি ১৬টি কুকুরছানাকে খুনের ঘটনা ঘটেছে এনআরএস হাসপাতালে। পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছে তাদের পিটিয়ে মারা হয়েছে। পাশাপাশি ভিডিও ফুটেজে দেখা গেছে কুকুরগুলিকে হাসপাতাল চত্ত্বরেই পিটিয়ে মারছেন দুই মহিলা। এরপর হাসপাতালের সন্দেহভাজন এক নার্সিং পড়ুয়াকে ডেকে পাঠায় সুপারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। যদিও অভিযোগ অস্বীকার করেন ওই ছাত্রী। তদন্ত কমিটির বক্তব্য, তিন জন ছাত্রী-সহ ৫ জনকে চিহ্নিত করা হয়েছে। নজরে রয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকাল থেকে এই ১০ জনের সঙ্গে দফায় দফায় কথা বলছে হাসপাতালের গঠিত তদন্ত কমিটি।
পাশাপাশি কুকুর হত্যার তদন্ত করছে এন্টালি থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ও ২০১ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ইতিমধ্যে। এইসঙ্গে প্রিভেনশন অফ ক্রুয়েলটি এগেইনস্ট অ্যানিম্যাল-এর ১১এল ধারাতেও মামলা রুজু করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news