প্রসেনজিৎ মাহাতো:
একই বলে স্বপ্নপূরণ। স্বপ্নভঙ্গ হতে পারত। ৫০ ওভারেও ম্যাচ ফয়সলা হয়নি। সুপার ওভারের শেষ বলে হয় এসপার, নয় ওসপার পরিস্থিতি। রুদ্ধশ্বাস ম্যাচ বললেও কম বলা হয়। শেষপর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।
বিশ্বকাপের শুরু থেকেই ফেবারিট ছিল ইংল্যান্ড। মাঝে ছন্দপতন হলেও ঘুরে দাঁড়িয়েছিল দল। কথায় যে আছে লাক সবসময় চ্যাম্পিদেরই সঙ্গ দেয়, সেটা আবারও প্রমাণ হল। ট্রফি না পাওয়ার যন্ত্রণা ঘুচল ইংল্যান্ডের। ম্যাচ যত গড়িয়েছে, টেনশনের মাত্রা বেড়েছে। লর্ডসে ম্যাচ দেখতে আসা ইংল্যান্ড সমর্থকদের রক্তচাপ বেড়েছে সেকেন্ডে সেকেন্ডে।
বিশ্বজয়ের পর ইংল্যান্ড অধিনায়ক ইওয়িন মর্গান যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আনন্দের জোয়ারে ভাসছিলেন। ভাসতে ভাসতেই বললেন, ‘আমাদের চার বছরের জার্নি শেষ হল। শেষ চার বছর আমরা অনেক পরিশ্রম করেছি। এই আনন্দ বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। বাটলারের সঙ্গে পার্টনারশিপটাই পার্থক্য গড়ে দিয়েছিল।’
ফাইনালেও কম রানের পুঁজি নিয়ে বোলিংয়ে বাজিমাত করার স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। কিন্তু, দিনের শেষে হার। সব হার মানেই যে পরাজয় নয়, সেটা প্রমাণ করল কিউয়িরা। কেন উইলিয়ামসনের কথায়, ‘এত কাছ থেকে হেরে যাওয়াটা মেনে নিতে পারছি না। ইংল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছি। ওরা যোগ্য হিসেবেই জিতেছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news