ওয়েব ডেস্ক:
সব্যসাচীর দায়ের করা মামলায় বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলায় একধিক গরমিলের অভিযোগ করেন। কৃষ্ণা চক্রবর্তীর কাছে তারই জবাব চাইল হাইকোর্ট। একই কারণে বিধাননগরের চেয়ারপার্সনকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হল।
সোমবার সব্যসাচী দত্তের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানিতে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে, তার কপি তাঁরা যেমন পাননি, পাশাপাশি এই অনাস্থার নোটিশ দাখিল করেন পুর কমিশনার, যা তার এক্তিয়ার বহির্ভূত৷ বিকাশবাবু এদিন আদালতকে জানান, এই নোটিশ জারি করার একমাত্র সিদ্ধান্ত চেয়ারপার্সনের, যা করা হয়নি৷ এই অভিযোগ পাওয়ার পরেই বিচারপতিরা কৃষ্ণা চক্রবর্তীর জবাব তলব করেন।
এদিকে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, পুর আইন ২০০৬-এর ১১, ১৫ এবং ১৭ নম্বর ধারা অনুযায়ী এই প্রস্তাবের কোনও কপি দেওয়া যায় না৷
ফের আগামিকাল মামলার শুনানি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news