নিজস্ব সংবাদদাতা:
পুরুলিয়া, ৩১ অক্টোবর: সিবিএসসি সহ বিভিন্ন বোর্ডের নির্দেশ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উদযাপন করার। কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল না সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলগুলি ‘বাধ্যতামূলক নয়’—এমন কারণ দেখিয়েছে। কিছু স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তেমন আমল দিতে চায়নি।এর মধ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্ম বার্ষিকী উদযাপন হয়ে গেল পুরুলিয়ায়। জাতীয় ঐক্যের লক্ষ্যে ‘লৌহপুরুষ’-এর জন্ম দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে সারা দেশের সঙ্গে পালন করল পুরুলিয়াও।
বুধবার প্রভাত ফেরি করল পুরুলিয়া শহরের বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের পড়ুয়ারা। অংশ নিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ ছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের হাতে ছিল একতা বজায় রাখার বার্তা। পরে স্কুলে একতা বজায় রাখার শপথ বাক্য পাঠ করা হয়। একই ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উদযাপন হয়। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়। বসে আঁকো প্রতিযোগিতার বিষয় ছিল ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’। এছাড়া একতা গড়ে তোলার শপথ, কুইজ, জাতীয় ঐক্যের উপর একটি নাটক পরিবেশিত হয় কেন্দ্রের প্রেক্ষাগৃহে। দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশন শহরে দিনটি মহাসমারোহে উদযাপন হয়।
আদ্রা মন্ডলের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এদিন সকালে ‘ঐক্যের জন্য দৌড়’ অনুষ্ঠিত হয়। অংশ নেন মণ্ডল প্রবন্ধক শরদ কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য রেল আধিকারিক, কর্মচারী, রেলের স্বাস্থ্য আধিকারিক ও স্থানীয় খেলোয়াড়রা। পরে মণ্ডল প্রবন্ধক দপ্তরে ঐক্যের জন্য শপথ গ্রহণ কর্মসূচী পালিত হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news