সূর্য সরকার।
রাজ্যের সব উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterji)। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরে বৈঠক হবে বিকাশ ভবনে। এমনটাই জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা বিধির বিতর্কের পর এই প্রথম উপাচার্যদের নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নয়া নিয়মে কি রয়েছে, আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কতটুকু, সবকিছুই উপাচার্যদের নিয়ে বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের তরফ বুঝিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত আইনে একাধিক নতুন বিধি এবং পুরাতন বদলের সিদ্ধান্ত জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে দেখা যায়, আচার্য তথা রাজ্যপালের সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যদের সরাসরি যোগে ইতি পড়ছে। কার্যত মাঝে থাকছে উচ্চ শিক্ষা দপ্তর। সেখানে রাজ্যপাল সরাসরি বিশ্ববিদ্যালয় কোন কাজে হস্তক্ষেপ করতে পারবেন না যা করতে হবে সবটাই শিক্ষা দপ্তরকে জানিয়ে। তারপরই শুরু হয় বিতর্ক। সমালোচনা। তার মাঝেই এবার শুক্রবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে রাজ্য সরকারের মনোমালিন্যের জেরে রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে আচার্যের ক্ষমতা খর্ব করেছে শিক্ষা দপ্তর। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতেই শিক্ষামন্ত্রী এই বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news