ওয়েব ডেস্ক:
মধ্যপ্রদেশ ও দিল্লিতে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানা, তথ্য জানতে কেন্দ্রীয় রাজস্ব সচিব ও কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের অধ্যক্ষকে তলব করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কংগ্রেস দাবি করেছে, নির্বাচনের মুখে রাজনৈতিক উদ্দশে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে মোদি সরকার। বিরোধীদের হেনস্তা করা হচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে।
সূত্রের খবর, কংগ্রেসের সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন রাজস্ব সচিব এবি পান্ডে ও সিবিডিটির অধ্যক্ষ পিসি মোদিকে মঙ্গলবার হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। ভোটের মুখে যাতে বিতর্ক না বাড়ে তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, রবিবার ভোর রাত থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের সহযোগীদের বাড়িতে হানা দেয় ভারতের আয়কর বিভাগ।এই ঘটনা জানার পরেই আয়কর বিভাগের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করে কমিশনের তরফে জানানো হয়, ভোটের মুখে কালো টাকা উদ্ধারে এই হানা হলে সমস্যা নেই। কিন্তু সেই পদক্ষেপ যেন পক্ষপাতহীন হয়।

সূত্রের আরও খবর, মধ্যপ্রদেশ ছাড়াও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের একাধিক রাজনৈতিক নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের ঠিকানায় সম্প্রতি হানা দেয় আয়কর দফতর।
আয়কর দফতর জানিয়েছে, কমলনাথের ঘনিষ্ঠের ঠিকানা থেকে উদ্ধার হয়েছে নগদ ২৮১ কোটি টাকা। এইসঙ্গে হিসেব বহির্ভুত আরও ১৪. ৬ কোটি টাকার খোঁজ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডায়রি ও কম্পিউটার ফাইল। যার মাধ্যমে মধ্যপ্রদেশ ও দিল্লিতে গোপন লেনদেন চলেছে। দিল্লির তুঘলক রোডের অপর এক হানায় একটি প্রধান রাজনৈতিক দলের নেতার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে হয়েছে বলেও জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news