ওয়েব ডেস্ক
বিজেপির সঙ্কল্প পত্রে দূরদর্শিতার অভাব রয়েছে বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ সোশাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল বলেন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার সকলের মতামত নিয়ে, জনসাধারনের কথা ভেবে তৈরি করা হয়েছে। সেজন্য এই ইস্তেহারটিতে সবার শক্তি ও বুদ্ধিমত্তার প্রতিফলন হয়েছে। কিন্তু বিজেপির নির্বাচনী ইস্তেহার বন্ধ ঘরে বসে একজন মানুষের বক্তব্যে তৈরি হয়েছে। সেজন্য এই ইস্তেহারে দূরদর্শিতার অভাব রয়েছে এবং অহংকারিতার ছাপ রয়েছে।
একধাপ এগিয়ে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেন, বিজেপির নির্বাচনী ইস্তেহার ঝুড়িঝুড়ি মিথ্যে কথায় ভরা। বিজেপির উচিত ছিল নির্বাচনী ইস্তেহারের পরিবর্তে ক্ষমাপত্র প্রকাশ করা। তিনি আরও বলেন, কংগ্রেস ও বিজেপির নির্বাচনী ইস্তেহারে সবথেকে বড় ফারাক মলাটেই রয়েছে। যেখানে কংগ্রেসের মলাটে লক্ষ লক্ষ দেশবাসীর ছবি, সেখানে বিজেপির মলাটে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে।
গত সপ্তাহেই কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। এবারে কংগ্রেসের ইস্তেহারে মূল মন্ত্র ন্যায় বা দেশের ২০ শতাংশ সবথেকে নিম্নবর্গের জন্য নূন্যতম আয়। এছাড়াও কংগ্রেসের ইস্তেহারে দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কথাও বলা হয়েছে।
বিজেপির নির্বাচনী ইস্তেহার যাকে তাঁরা সঙ্কল্প পত্র বলছেন, তাতে দেশের নিরাপত্তা, সুরক্ষা ও কড়া হাতে শত্রুদের মোকাবিলার কথা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news