ওয়েব ডেস্ক:
হাজার আলাপ-আলোচনা, অনুরোধ-উপরোধের পরেও দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তর দিনাজপুরে পৌঁছন নির্বাচন কমিশনের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন সেখানে প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিপিএম ও বিজেপি নেতারা বৈঠক থেকে বেরিয়ে জানান, রায়গঞ্জ কেন্দ্রে ৭৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক।
প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রায়গঞ্জ ছাড়াও ওইদিন ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসকের বেলাগাম সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার তিন কেন্দ্রের সবকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটের দাবি করেছিলেন বিরোধীরা। পাশপাশি কেন্দ্রীয় বাহিনী না থাকলে সেই বুথে ভোট করাতে যাবেন না বলে আন্দোলনে সামিল হন ভোটকর্মীরা। তাতেও শেষ রক্ষা হল না। আজ জানা গেল, রায়গঞ্জে ১০০ শতাংশ বুথে থাকছে না বাহিনী। বিবেক দুবে জানান, রায়গঞ্জে ৭৮ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাত্ ২২ শতাংশ বুথ থাকবে রাজ্য পুলিশের পাহারায়।
ওদিকে দার্জিলিং কেন্দ্রে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে দ্বিতীয় দফার ভোটগ্রহণে বাহিনীর সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে ১৩০ কোম্পানি হতে পারে। তার পরেও ৩ আসনের মধ্যে অন্তত ২টিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না হওয়ায় স্বভাবতই হতাশ বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news