নীল বণিক:
ফিরদৌসকে ভোটপ্রচারে ব্যবহার করে তৃণমূল দেশবিরোধী কাজ করছে, মত বিজেপি নেতা রাহুল সিংহের। এদিন ফিরদৌস আহমেদকে নির্বাচন কমিশনের ছাড় দেওয়ার ইস্যুতে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর পদত্যাগের দাবি করেন রাহুল। উল্লেখ্য, সকালেই একই দাবি জানান রাজ্য বিজেপির আরেক নেতা জয়প্রকাশ মজুমদার।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুলের দাবি, অন্য কোনও রাষ্ট্রের প্রতিনিধি এ-দেশের ভোটপ্রচার করতে পারে না। তারপরেও রাজ্যের শাসকদল বাংলাদেশের দুই অভিনেতা ফিরদৌস আহমেদ ও গাজি নূরকে নিজেদের প্রচারে কাজে লাগিয়েছে। যা দেশ বিরোধী কার্যকলাপ বলে মন্তব্য করেন রাহুল সিংহ। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এ-ব্যাপারে পদক্ষেপ নিয়ে দুই অভিনেতা সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে এফআইআর করারও দাবি তুলেছেন তিনি। পাশাপাশি বিদেশমন্ত্রককের কাছেও এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
প্রসঙ্গত, ইতিমধ্যে অভিনেতা ফিরদৌসকে বাংলাদেশ হাইকমিশন দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news