ওয়েব ডেস্ক:
অবশেষে সুখবর, বড়দিনের আগেই চালু হচ্ছে সল্টলেকের ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। এদিন একথা জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে ইতিমধ্যে রেলওয়ে সেফটি অফিসারের তরফে ছাড়পত্র মিলেছে। যার অপেক্ষায় ছিল কর্তৃপক্ষ।
তবে প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চালানো হবে ট্রেন। মেট্রোর নির্ধারিত সময় অনুযায়ীই পরিষেবা পাবেন যাত্রীরা। কিলোমিটারের হিসেবে ভাড়াও থাকছে চালু মেট্রো পরিষেবার মতোই। মেট্রো রেল-এর তরফে জানাও হয়েছে, প্রথম পর্যায়ে যুবভারতী অবধি ট্রেন চললেও পরে তা বাড়ানো হবে।
প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস ধরেই সল্টলেকের ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান চলছে। আগে জানা গিয়েছিল নভেম্বরের গোড়াতেই চালু হবে শহরের নয়া মেট্রো পরিষেবা। কিন্তু কিছু যান্ত্রিক গোলোযোগের কারণেই তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেই যান্ত্রিক ত্রুটি মেরামত হয়েছে। তারপরেই ছাড়পত্র পাওয়া গিয়েছে রেলওয়ে সেফটি অফিসারের তরফে। এবং এরপরেই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, ডিসেম্বরে বড়দিনের আগেভাগেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news