নৈরঞ্জনা ঘোষ :
দুরন্ত গতিময় জীবন যখন নিত্যদিনের অভ্যেস হয়ে দাঁড়ায় তখন হঠাৎ সেই গতিতে ছেদ পড়লে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক প্রতিক্রিয়া। চকিতে এসে পড়া এই হোঁচটের ধাক্কা আমরা বিশ্বের সমগ্র মানবজাতি সঠিক সামলে উঠতে পারছি না, মোকাবিলা করা তো দূরস্ত। নইলে ভাবুন তো প্রথম বিশ্বের তাবড় তাবড় দেশ কোভিড ১৯ এর কবলে পড়ে কি নাকানি চোবানিই না খাচ্ছে।

দীর্ঘ দিন দেশছাড়া আমি, থাকি আরব সাগরের উপকূলে অবস্থিত সংযুক্ত আরব আমিরশাহীর স্বপ্ন নগরী দুবাইয়ে। স্বপ্ন নগরীর এই ঘুমন্ত রূপ চাক্ষুষ করতে হবে তা কোনওদিন দুঃস্বপ্নেও ভাবিনি। এখানে ফেব্রুয়ারি মাস থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়, যেমন বেরোলেই মাস্ক পরা। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। ই- লার্নিং এর ওপর জোর দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলা করতে। মার্চের মধ্যবর্তী সময় থেকেই জরুরি পরিষেবা বাদে ৮০ শতাংশ মানুষ ওয়ার্ক ফ্রম হোম শুরু করে দেন। সরকারের পক্ষ থেকে আবেদন করা হয় যে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বেরোন। প্রশংসনীয় বিষয় হল মানুষ স্বতস্ফূর্ত ভাবে এই আবেদন মেনেছেন।

এখন এখানে ২৪ ঘন্টার স্টেরিলাইজেশন প্রোগ্র্যাম চলছে যার মূল উদ্দেশ্য কোভিড ১৯ এর মোকাবিলায় গোটা শহরটাকে ডিসিন্ফেক্ট করা। জরুরি পরিষেবা বাদে বাইরে বেরোতে গেলে পুলিশের আগাম পারমিশন লাগবে, অনলাইন আবেদন করলে এই পারমিশন পেতে কোনও অসুবিধাই নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিষ এবং ওষুধ কিনতে বেরোনোর ওপর কোনও নিষেধাজ্ঞা নেই তবে বেরোলে মাস্ক এবং গ্লাভস পরা অনিবার্য। নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ ও খাবার সবই হোম ডেলিভারি মারফত পাওয়া যাচ্ছে। হোম ডেলিভারি কে জরুরি পরিষেবার আওতায় রাখা হয়েছে। তাই বাড়ি থেকে রোজ বেরনো না গেলেও দৈনন্দিন জীবন যাপনে কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।

বিশ্বজুড়েই ডাক্তার এবং স্বাস্থকর্মীরা নিঃস্বার্থভাবে কোভিড ১৯ মোকাবিলায় যে অবদান করছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই আর দুবাই ও তার ব্যতিক্রম নয়। এখানকার সরকারের ভূমিকাও প্রশংসনীয়, হাসপাতালের পরীক্ষাকেন্দ্র ছাড়াও মোবাইল টেস্টিং, ড্রাইভ থ্রু টেস্টিং সেন্টার থেকে শুরু করে, কঠোর কোয়ারেনটিন প্রোটোকল মেনে চলা হচ্ছে এখানে। হাসপাতালগুলিতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ বেডের আগাম ব্যবস্থাও করে রাখা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সময় থাকতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে অত্যন্ত সচেতন এই দেশের প্রশাসণ। আর এখানেই সংযুক্ত আরব আমিরশাহী আর পাঁচটা দেশের থেকে কোভিড ১৯ বিপর্যয় মোকাবিলায় অনেকটা এগিয়ে।

সারা বিশ্ব যখন করোনার কবলে তখন নিজেকে কখনও কখনও হলিউডের জম্বি (zombie) অথবা সাই -ফাই ফিল্মের (sci-fi film) এক গোবেচারা অসহায় চরিত্র মনে হয়। অতি সভ্য হওয়ার তাগিদে প্রকৃতির ইকোলজিকাল ব্যালান্স মেইন্টেন করার কথা আমরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি, গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন কিছুই থামাতে পারেনি আমাদের। করোনার এই ভয়াবহ হোঁচট যেন প্রকৃতির এক নিষ্ঠুর পরিহাস, বলা ভালো আমাদের উদ্দেশে সাবধানবাণী। ভালবাসা আমাদের একত্রিত করতে পারেনি এখন একটাই আশা মৃত্যুভয় যদি পারে আমাদের একসঙ্গে লড়ার শক্তি যোগাতে। এই লড়াই আমাদের জিততেই হবে আর এই জয়ের পর যেন মানুষ রূপে আমাদের হয় নবজন্ম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news