নিজস্ব সংবাদদাতা। মেয়র হয়েও বিধাননগর কাউন্সিলরদের নিয়ে দলের বৈঠকে ডাক পাননি তিনি। রবিবার যখন পুরমন্ত্রীর নেতৃত্বে বিধাননগরের কাউন্সিলররা তৃণমূল ভবনে বৈঠকে বসলেন, ঠিক সেই সময়ই বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোলাখুলি নিজের অবস্থান জানালেন মেয়র সব্যসাচী দত্ত। বিজেপি নেতা মুকুল রায়কে বাড়িতে লুচি আলুর দম খাওয়ানো থেকে শুরু করে বিদ্যুৎ ভবনে কর্মীদের ডিএর দাবিতে আন্দোলন। সবকিছুতেই তাঁর অনুপ্রেরণা যে তৃণমূল নেতৃত্ব, তা জানালেন কৌশলী কায়দায়। দলীয় বৈঠকের কথা জানতে পেরে কার্যত আকাশ থেকেই পড়লেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। জানালেন এমন কোনও বৈঠকের কথা তাঁর জানা নেই। কেন তাঁকে ছাড়া বৈঠক ডেকেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম? তা নিয়েও কিছু জানেন না বলেই দাবি করলেন সব্যসাচী। বরং মুকুল রায়কে বাড়িতে লুচি আলুর দম খাইয়ে তিনি তৃণমূল বিরোধী কাজ করেননি বলেই এদিন দাবি করলেন তিনি। এ প্রসঙ্গে সব্যসাচীর বক্তব্য, যেদিন তৃণমূল কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছিলাম সেদিন কিছু দলীয় নিয়ম আমাদের জানানো হয়েছিল। সেখানে বাড়িতে কেউ এলে তাঁর সঙ্গে আতিথেয়তা দেখানো যাবে না। এমন কথার কোনও উল্লেখ ছিল না বলেই দাবি করেছেন সব্যসাচী। আবার বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দপ্তরে ডিএ-র দাবিতে আন্দোলন করার অনুপ্রেরণা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের জমি আন্দোলন থেকেই। এমন মন্তব্য করে তিনি তৃণমূল কংগ্রেসের রয়েছেন বলে আপাতত দাবি করেছেন বিধাননগরের মেয়র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news