নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমেই গ্রাস করছে রাজ্যের আম জনতাকে। সেই বিষয়ে রাজ্যবাসী আশ্বস্ত করতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের (Nabanna) সাংবাদিক সম্মেলন তিনি বলেন, ‘‘এত ভয়ের কোনও কারণ নেই। সব জ্বরই করোনা নয়। জ্বর হলে ১৪ দিন বিশ্রাম নিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করুন সকলে। ঘণ্টায় ঘণ্টায় হাত ধুয়ে ফেলুন। রাস্তায় থুতু ফেলবেন না। নোংরা দেখলে নিজেকে সরিয়ে রাখুন। শুধু নিজেকে নয়, বাড়ির সকলকে সুস্থ রাখার চেষ্টা করুন।’’
মুখ্যমন্ত্রী বলেন, “করোনার আক্রমণ রুখতে এই মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মাস্ক নিয়ে ব্যবসা করা যাবে না। আমিও শুনেছি মাস্কের জোগান কম। কোনও জায়গায় দাম বেশি নিচ্ছে। কিন্তু আমি বলতে চাই, যদি কেউ এই মাস্ক নিয়ে কালোবাজারি করে তাহলে সরকার সব বাজেয়াপ্ত করে নেবে। তারপর সরকারই তা বিলি করবে।” মমতা আরও বলেন, “শুধুমাত্র মাস্ক কেন, আগেকার দিনে মা-কাকিমারা শাড়ির আঁচল দিয়ে নাক-মুখ ঢাকতেন। সেভাবেও প্রতিরক্ষা করা যায়। পুরনো জিনিস ভুলে গেলে চলবে নে। ওল্ড ইজ গোল্ড।”
এদিন মমতা বলেন, “আমরা মাস্ক কিনতেই পারি। কিন্তু আগে দেখতে হবে সেগুলোতে কতটা কাজ হয়। একগাদা মাস্ক কিনে নিলেই তো হল না। আগে সবটা দেখে তারপর সরকার ব্যবস্থা নেবে।” তিনি বলেন, “এটা জাতীয় বিপর্যয়। এই সময় ভেদাভেদ করলে চলবে না। সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। আমি আশা করব সবাইকে পাশে পাব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news