নীল রায়।
“গুজবে কান দেবেন না ! আমি ভালোই আছি।” এমনটাই জানালেন বসিরহাটের তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি। সোমবার সকালে জানা যায় শ্বাসকষ্ট নিয়ে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, শনিবার স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) জন্মদিনের পার্টিতে কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি। ফলস্বরূপ, শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন নুসরাত।
সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি যান নুসরাত জাহান। তারপর থেকে আর কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। কিন্তু এদিন সন্ধ্যায় আচমকা একটি ৩৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেন, “গুজবে কান দেবেন না আপনারা। একটা “মেজর আস্তমা অ্যাটাক হয়েছিল আমার। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। দু-একদিনের বিশ্রামের পর আমি আমার কাজে যোগ দেবো। অনেক কাজ পড়ে রয়েছে।”
এখন আর কেবল রুপোলি পর্দার নায়িকা নন তিনি। এবছরের লোকসভা নির্বাচনে বসিরহাট (Basirhat) কেন্দ্র থেকে সাড়ে তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়ে সংসদে গিয়েছেন নুসরাত। ঘটনাচক্রে, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। নুসরাত জানিয়েছেন সুস্থ হয়েই নিজের লোকসভা কেন্দ্র বসিরহাট ও সংসদের অধিবেশনে যোগ দিতে চান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news