সূর্য সরকার:
শনিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির কর্মী সমর্থকদের ‘তাণ্ডব’ এর পরিপ্রেক্ষিতে এন্টালী থানায় এফআইআর করল কংগ্রেস। এদিন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে তা সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পর সারাদিন কেটে গেলেও কেন এখনও পর্যন্ত কোন দুষ্কৃতী গ্রেফতার হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, সকালে বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের নেতৃত্বে সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ মিছিলকে পুলিশ বিজেপি অফিসের অনেকটা আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং যুব কংগ্রেস কর্মীদেরকে গ্রেফতার করে। তাহলে কেন বিধান ভবনের বাইরে তাণ্ডব চালানো বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হবে না, তা নিয়ে সরব রাজ্য কংগ্রেস।

এই ব্যাপারে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার সুর প্রদেশ কংগ্রেসের গলায়। প্রদেশ কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর অমিতাভ চক্রবর্তীর বিবৃতি দিয়ে বিগত সময়ের উদাহরণ টেনে এনেছেন। তিনি বলেছেন, অতীতে বোফর্স মামলায় রাজীব গাঁধী ক্লিনচিট পাওয়ার পরেও কখনও কংগ্রেস তৎকালীন বিরোধী দলের কার্যালযয়ে এভাবে হামলা চালায়নি। কিন্তু আজ বিজেপি কর্মী সমর্থক যা করেছে তা যথেষ্ট নিন্দাজনক। পুলিশ প্রশাসনের নীরব থাকার প্রসঙ্গেও সমালোচনার সুর শোনা যায় রাজ্য কংগ্রেসের গলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news