নীল রায়:
বাংলাদেশী অভিনেত্রী অঞ্জু ঘোষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদানের পরেই জোর বিতর্ক শুরু হয়েছিল রাজ্য জুড়ে। বিষয়টিকে ফলাও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিল তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন ছিল, লোকসভা ভোটে বাংলাদেশী অভিনেতা ফেরদৌস ও গাজী নূর তৃণমূলের পক্ষে প্রচার করে যদি অন্যায় করে থাকেন, তাহলে অঞ্জু ঘোষের মতো বাংলাদেশের অভিনেত্রী কিভাবে ভারতীয় জনতা পার্টির সদস্য হন? যাবতীয় বিতর্কের মাঝেই বৃহস্পতিবার দুপুরে একটি ফেসবুক পোস্ট করেন দিলীপ ঘোষ। যেখানে বিজেপি সভাপতি অঞ্জু ঘোষের হাতে বিজেপির পতাকা তুলে দিচ্ছেন, এমন একটি ছবির সঙ্গে পাশে দেওয়া হয় বাংলাদেশী অভিনেত্রী জন্মের শংসাপত্র। যা ২০০৩ সালে কলকাতা কর্পোরেশন অনুমোদন দিয়েছে। ঘটনাচক্রে, ওই সময় কলকাতা কর্পোরেশন তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

এদিন ফেসবুকে দিলীপ লেখেন, “শ্রীমতি অঞ্জু ঘোষের বিজেপি-তে যোগদানে বহু মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। তাদের সন্দেহ অঞ্জু ঘোষ ভারতের নাগরিক কি না। তার জন্ম প্রমাণপত্রই তার নাগরিকত্বের প্রমাণ।” সেই জন্ম সার্টিফিকেটে দেখা যাচ্ছে, ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি নার্সিংহোমে জন্ম অঞ্জু ঘোষের। রাজ্য বিজেপির এক নেতার কথায়, “ফেসবুকে অভিনেত্রী অঞ্জু ঘোষের জন্মের শংসাপত্র প্রকাশ করে আসলে তৃণমূল কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়েছেন দিলীপ দা।” দলের সভাপতি এভাবে প্রকাশ্যে এসে তৃণমূলের অভিযোগ ভোঁতা করে দেওয়ায় খুশি দলের নেতা ও কর্মী মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news