ওয়েব ডেস্ক:
তৃণমূল বর্জন, বিজেপি গ্রহণ চলছেই। এবার জেলা হাওড়ায় বড়সড় ভাঙন ধরাল বিজেপি। বাংলার গ্রামে মোদি মুকুলদের হাত শক্ত করতে একসঙ্গে ২০০ নেতা-কর্মী যোগ দিলেন গেরুয়া শিবিরে। যা শাসকদলের মাথা ব্যাথার কারণ হতে চলেছে।
বৃহস্পতিবার ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেখানে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতা-কর্মী বিজেপিতে যোগ দেন। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন আমতা-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শান্তনু ঘোষ, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি বিকাশ পাত্র, সংগঠনের সম্পাদক স্বপনকুমার সাহা, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রোজিনা দত্ত, সিপিএমের প্রাক্তন প্রধান তরুণ রায় সহ বহু কর্মী।
এদিন তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আসা নেতা-কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের দাবি, এখন এটাই চলবে। প্রতিদিনই তৃণমূল সহ বিভিন্ন দল থেকে লোকে বিজেপিতে যোগ দিতে চাইছেন, যোগ দিচ্ছেনও। আগামীদিনে আরও মানুষ গেরুয়া শিবিরে আসবেন।
অন্যদিকে তৃণমূলের দাবি, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তাঁরা লোকসভা নির্বাচনে বিজেপির হয়েই কাজ করেছেন। অতএব, তাঁদের দলত্যাগে প্রভাব পড়বে না তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news