ভাস্কর মান্না:
দলের মধ্যে তাঁকে নিয়ে যে অসন্তোষ রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা থেকে তা ফের স্পষ্ট হল। রাজ্য সভাপতি পদে দিলীপের জায়গায় অন্য কেউ আসতে পারে বলে বেশ কিছুদিন ধরে দলের মধ্যে চাপা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দলে দিলীপ বিরোধী বলে পরিচিত বেশ কয়েকজন নেতা এই দাবি করছেন। আজ গোষ্টিকোন্দলের সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিলেন না দিলীপ ঘোষ।
এ প্রসঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা এসব বলছেন তাঁদের নিজেদের স্বার্থ আছে। আমি কারও স্বার্থ হানি করিনি। কারও কাজে বাধা দিইনি। সবাইকে কাজ ও সম্মান দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যাঁরা এসব বলছেন আমি তাঁদের বলছি, তাঁরা একবার তৃণমূলের সঙ্গে লড়াই করে দেখাক।” যাঁরা বলছেন তাঁদের স্বার্থ আছে এবং তৃণমূলের সঙ্গে লড়াই করুক, দিলীপ ঘোষের এই দুটি কথা থেকে পরিস্কার যে তাঁকে নিয়ে দলের মধ্যে একটা সমস্যা রয়েছে।
আবার রাজ্য বিজেপির অনেক নেতারই অভিযোগ দলে দু’জন ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। তাঁদের ঘনিষ্ঠরাই কাজ করার সুযোগ পাচ্ছে। অন্য দল থেকে এসেছেন যোগ্য এমন অনেক নেতাকেই বসিয়ে রাখা হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “যাঁরা কালকে আমাদের দলে এসেছেন, তাঁদেরকে টিকিট দিয়ে আমরাই এমপি এমএলএ করেছি। তাই যাঁরা এসব কথা বলছেন হয় তাঁরা কাজ করতে জানেন না, নয়তো চান না। যাঁরা যোগ্য আছেন তাঁরা নিশ্চয়ই কাজের সুযোগ পাবেন।” যাঁরা অভিযোগ করছেন তাঁরা কাজ করতে জানেন না, নয়তো চান না, দিলীপের এই মন্তব্যও বলে দিচ্ছে যে দলের মধ্যে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে। অভিযোগ না উঠলে এই প্রশ্ন এড়িয়ে যেতে পারতেন তিনি।
অন্যদিকে, আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচন নিয়েই সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান দিলীপ ঘোষ। তবে ওই বৈঠকে রাজ্য বিজেপি নেতাদের বর্তমান কোন্দলের বিষয়গুলিও উঠবে বলে মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপ ঘোষকেই সভাপতি হিসেবে রাখবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সেক্ষেত্রে দিলীপের ডানা ছাঁটা হতে পারে। কার্যকরী সভাপতি হিসেবে অন্য কাউকে বসাতে চাইছে কেন্দ্রীয় নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news