চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গতকাল তাঁকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফোন করে বুধবারের সর্বদলীয় বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। তার ঠিক একদিন পরেই সাতসকালে মুখ্যমন্ত্রীর খাসতালুক কালীঘাটে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) প্রয়ান দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে কেওড়াতলা মহাশ্মশানের কাছে উপস্থিত হন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই আক্রমণাত্মক সুরে তিনি বললেন, “বাঙালির হোমল্যান্ড আজ বিপন্ন।” শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে মেদিনীপুরের সাংসদ বলেন, “শ্যামাপ্রসাদ অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন। কিন্তু তাঁর হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড আজ বিপন্ন। বাংলাদেশের সঙ্গে যোগ হতে যাচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তাও মুক্ত করব।” তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদের মুর্তি নিয়ে বিতর্ক নেই, শ্যামাপ্রসাদকে নিয়ে বিতর্ক নিয়ে, শ্যামাপ্রসাদের মতবাদকে নিয়ে বিতর্ক নেই। দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অবদান কখনও অস্বীকার করা যায় না। তিনি দেশের জন্য যা করেছেন তা চিরস্মরণীয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫ এ বিলুপ্ত করা। তা আজ সফল হয়েছে, কাশ্মীর অখন্ড ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিও আমরা নিশ্চিত করেছি। ”
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া বিজেপির কাছে আর কোন বাঙালি আইকন নেই কেন ? এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “একমাত্র বিজেপির বাঙালি হিসেবে শুধুমাত্র আইকন শ্যামাপ্রসাদ মুখার্জী নয়। যারা দেশের জন্য কন্ট্রিবিউশন বা আত্মবলিদান দিয়েছেন তারা সবাই বিজেপির কাছে আইকন। স্বামীজি আমাদের আইকন নন?” এরপরেই তিনি বলেন, “যারা ছবি নিয়ে রাজনীতি করেন তাদের দলে বিজেপি নেই। ছবির ব্যবহার শেষ হয়ে গেলে সেই ছবিটি ছুড়ে ফেলে দেয়। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর পায়ের নিচে নেতাজী সুভাষ চন্দ্রের ছবি। যারা আছেন তাদের আদর্শকে সামনে রেখে তাদের বলিদানের কথা মাথায় রেখে আমরা কাজ করছি।” এদিন তাঁর সঙ্গেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ ও অভিনেতা তথা বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news