চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“করোনায় মৃত্যুর পরিসংখ্যান লুকিয়ে কবর দেওয়া হচ্ছে, দাহ করা হচ্ছে।” মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “সরকার পরিসংখ্যান লুকোচ্ছে। লুকিয়ে কবর দেওয়া হচ্ছে, দাহ করা হচ্ছে। পরিবারের কাছে দেওয়া হচ্ছে না। ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। ৯ কোটি জনসংখ্যার রাজ্যে ৩ হাজার জনের নমুনা পরীক্ষা হয়েছে।” তিনি আরও বলেন, “রাজ্যে করোনায় মৃত ১৫ থেকে ২০ জনের দেহ সৎকার হয়েছে। কিন্তু করোনায় মৃত বলে স্বীকার করছে না সরকার।”
মেদিনীপুরের সংসদ সদস্য দাবি করেন, “বহু মানুষ হাসপাতালে গিয়ে ফিরে আসছেন। চাইলেও টেস্ট করাতে পারছেন না। এর পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এই সংখ্যা হিসেবের মধ্যে দেখাচ্ছে না রাজ্য সরকার।” তিনি আরও বলেন, “বলা হচ্ছে এমনি মৃত্যু কিন্তু সেই সব ডেডবডিকে করোনায় মৃতদের মতো ট্রিটমেন্ট করা হচ্ছে। বাড়ির লোকের হাতে দেওয়া হচ্ছে না দেহ। কোভিড-১৯ রোগে মৃতদের দাহ করার জন্য যে বিশেষ জায়গা তৈরি হয়েছে সেখানে দাহ করা হচ্ছে। অনেককে কবরও দেওয়া হচ্ছে।”
দিলীপ ঘোষ বলেছেন, “কেন্দ্রের পক্ষে রাজ্যকে সাহায্য করার প্রস্তাব দেওয়া হলেও রেসপন্স করা হচ্ছে না।” তিনি প্রশ্ন তোলেন, “ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যে ২২০০ কোটি টাকা করোনা মোকাবিলার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই টাকা ঠিক মতো খরচ করা হচ্ছে না। রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো তৈরি করা হচ্ছে না। পর্যাপ্ত মাস্ক ও পিপিই বিলি করা হচ্ছে না। সবমিলিয়ে রাজ্য সরকার করোনা মোকাবিলা নিয়ে ছেলেখেলা করছে।” তিনি আরও বলেন, “বিভিন্ন হাসপাতালে সাফাই কর্মীরা হাফ প্যান্ট পরে, চপ্পল পরে কাজ করছেন। এটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে। এঁদের সকলের প্রয়োজনী পোশাক দিতে হবে রাজ্যকে। সকলের জীবন বিমাও করে দিতে হবে।”
এক ভিডিও বার্তা প্রকাশ করে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ফোন করে দীলিপবাবুর অভিযোগ প্রসঙ্গে আমাদের জবাব জানতে চাইছেন। আমি বলতে চাই, মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে একত্রে নিয়ে করোনা ভাইরাসের মোকাবিলায় নেমেছেন। তাঁর বিরুদ্ধে মন্তব্য করে দীলিপবাবু নিজেকেই নিজে ছোট করছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news