নিজস্ব সংবাদদাতা:
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। এসএসকেএম-এ ভর্তি ছিলেন। চলছিল জীবন মৃত্যুর লড়াই, আজ নিজের বাসভবনে সেই লড়াই শেষ হল। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্ম ১২ নভেম্বর ১৯২৭ সালে। দীর্ঘ ৭৫ বছর তাঁর সঙ্গীতজীবন। যার শুরু ১৯৪৪ সালে। মেগাফোন কোম্পানি থেকে প্রথম বেসিক রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯৪৫ সালে। তাঁর দরাজ কন্ঠ তাঁকে অল্প সময়েই অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল। পরের বছরই অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন এবং এইচএমভি’র সঙ্গেও তাঁর যোগসূত্র গড়ে ওঠে। এই সময় তিনি সিনেমার জন্য যেমন গান গেয়েছেন, তেমনি বেসিক রেকর্ডে আধুনিক গান, নজরলগীতি, রবীন্দ্রনাথের গান সহ সমস্ত রকমের গানই গাইতে শুরু করেন। তখন প্রতিটি রেকর্ড কোম্পানির নিজস্ব ট্রেনার থাকতেন, রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে হলে আলাদা ট্রেনিং নিতে হত। এভাবেই তিনি রেকর্ডিং-এর সূত্রে সেসময়ের বিখ্যাত সঙ্গীতশিল্পী ও গুরু সন্তোষ লাহিড়ী, পঙ্কজ মল্লিক, শান্তিদেব ঘোষ, সন্তোষ সেনগুপ্ত এবং আরও অনেকের সংস্পর্শে আসেন। একই সময়ে তিনি ভারতীয় গণনাট্যে সংঘে যোগ দেন। বন্ধুত্ব হয় সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর সঙ্গে। দুই প্রতিভার মিলনে সৃষ্টি হয় কালজয়ী গান—‘শ্যামলবরনী ওগো কন্যা’, ‘পল্লবিনী ওগো সঞ্চারিণী’—যে গান আজও সমান জনপ্রিয়। সলিলের সূত্র ধরে ‘মায়া’, ‘স্বপ্না সুহানে’ প্রভৃতি হিন্দি ছবিতে একক এবং পাশাপাশি লতা মঙ্গেশকরের সঙ্গে দ্বৈত সঙ্গীত গেয়েছেন। বাংলায় ‘কাঁচের স্বর্গ’, ‘হুইল চেয়ার’ প্রভৃতি ছবিতে তাঁর কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত অন্য মাত্রা এনেছিল।
সঙ্গীতজগতে সুরকার ও গায়ক হিসেবে তাঁর অবদানের জন্য তিনি বিএফজে পুরস্কার, উত্তমকুমার পুরস্কার, সঙ্গীতনাটক আকাদেমি পুরস্কার, পদ্মভূষণ প্রভৃতি অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছিলেন।
দ্বিজেন মুখোপাধ্যায় তাঁর মোহময় কন্ঠের অজস্র কালজয়ী গানের সম্ভার নিয়ে বাঙালির অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাঙালির আবেগে তিনি চিরকাল কিংবদন্তী হয়ে থাকবেন ‘মহিষাসুরমর্দিনী’তে তাঁর ‘জাগো দুর্গা’ গানের জন্য। তাঁর কণ্ঠে এই গান শুধু গান নয়, শুধুই দেবীর আবাহন হন, বাঙালির জাতিসত্তার আবাহন। বাঙালির সেই আবহমান সত্তার মধ্যেই তিনি চিরকাল বেঁচে থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news