নিজস্ব সংবাদদাতা:
একেই হয়তো বলে ভোট ভানতে ধানের গীত। এক দিকে দেশ যখন কৃষকদের ঋণ মুকুব নিয়ে সরগরম। ৫ রাজ্যে বিধানসভা ভোটের পর তথা লোকসভা ভোটের আগে কে কতটা কৃষকদের পাশে দাঁড়িয়েছে তা নিয়ে চলছে তরজা। তখন ধানচাষী কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে আজ নবান্নে আস্ত বৈঠকই করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ২টা নাগাদ হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী অরূপ রায়, শুভেন্দু অধিকারী, অরুপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, মুখ্যসচিব, ডিজি সহ সব জেলা শাসকেরা। উচ্চস্তরের প্রশাসনিক বৈঠকে ধান সংগ্রহ কেমন চলছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কিনা মুখ্যমন্ত্রী তা জানতে চান। সূত্রের খবর, একজন চাষী-পিছু ধান বেচার লক্ষ্যমাত্রা নিয়েও আজ কথা হয়। ন্যূনতম সহায়ক মূল্য, ধান কেনার ন্যুনতম পরিমাণ, ফড়েরাজ আটকানো সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় আজ নবান্নে।
তবে মূল সমস্যা যে ধান বেচায় সে বিষয়ে নিঃসংশয় মুখ্যমন্ত্রী। ফড়ে এবং চালকল মালিকরা চাষীদের কাছ থেকে কী মূল্যে ধান কিনছেন, তার উপরেই কৃষক-স্বচ্ছলতা নির্ভর করে, সে কথা মুখ্যমন্ত্রীও জানেন। তাই এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে বলেছেন তিনি আজ সংশ্লিষ্ট দফতরকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news