নিজস্ব সংবাদদাতাঃ
আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়াতেই ব্যস্ততা তুঙ্গে ঢাকিদের। কারণ মেঘাচ্ছন্ন আকাশে পেঁজা তুলোর মতো মেঘমালার ইতস্তত ভেসে বেড়ানো, কাশফুলের সারির ওপর উড়ে যাওয়া বলাকা শ্রেণি যেমন শারদীয়া বার্তার জানান দিচ্ছে, তেমনি ঢাকিদের পাড়ায় ঢ্যাং কুড়া কুড় ঢাক বাদ্যের বোলেও ধ্বনিত হচ্ছে বার্তা— মা আসছেন।
অতএব দুর্গাপুজোর অবিচ্ছদ্য অংশ দুই কাঠির তাল বাদ্য নিয়ে ব্যস্ত বেলপাহাড়ি ব্লকের জয়পুর, কুচলাপাহাড়ি ও সাহরির ঢাকিরা। বদলে যাওয়া সময়ের অত্যাধুনিক বৈদ্যুতিন যন্ত্রের সঙ্গে পাল্লা দিতে ঢাকে নতুন ধরনের বোল তুলতে যারপরনাই ব্যস্ত শিল্পীরা। জয়পুরের ঢাকি পাঁড়ু কালিন্দীর কথায়, তাদের এই প্রস্তুতিতে মন মরা ছেলেমেয়ে ও অন্যান্য পরিবারের সদস্যরা। ওরা উদাস নয়নে তাকিয়ে থাকে। কারণ পুজোর সময় কাজকর্ম সেরে ছুটি নিয়ে আর পাঁচজন বাঙালি বাড়ি ফিরে পরিবার পরিজনদের সঙ্গে আনন্দে দিন কাটান, সেই সময় ঢাকিদের পরিবার ছেড়ে উপার্জনের আশায় ঢাক বাজাতে যান গ্রাম থেকে দূরে। কারণ ঢাকিদের ‘ভালো’ রোজগার বলতে এই শারদীয় সময়।
পুজোর ক’দিন মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে যা রোজগার হয় তাতে কিছুদিন সংসার চলে যায় কোনওমতে। তারপর অন্য কিছু উপায়। তাই বছরের এই কটা দিনের জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন ঢাকিরা। এদিকে মন মরা হয়ে পড়েন বাড়ির মানুষগুলো। এক উদাসীনতা ও একাকীত্বকে আঁকড়ে থাকে পুজোর কটা দিন।
বেলপাহাড়ি ব্লকের জঙ্গলমহলের ঢাকিরা জানান, দেশের সমগ্র উৎসব প্রেমি মানুষদের মত তাঁদের এবং তাঁদের পরিবারের লোকজনদের সেভাবে পুজো দেখা হয় না। পুজোর প্রাকমুহুর্তে ঢাকের প্রস্তুতি বোলে এমন শূন্যতাই ঘুরপাক খাচ্ছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news