নীল রায়।
পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাতের ঘটনা এখন আর কোনও নতুন বিষয় নয়! শুক্রবার নাম না করে সংসদে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। সঙ্গে রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রেও প্রশ্ন তুললেন সারকারিয়া কমিশনের রিপোর্টকে উদ্ধৃতি করে। যে রিপোর্টে সুপারিশ করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর পাঠানো তিন জনের নাম নিয়ে বিবেচনা করবেন রাষ্ট্রপতি। এবং এবিষয়ে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী পারস্পরিক আলোচনার ভিত্তিতে রাজ্যপালের মনোনয়ন স্থির করবেন। কিন্তু, এমন সুপারিশ না মেনে সংবাদমাধ্যমের ‘ব্রেকিং নিউজ’ মারফৎ রাজ্য প্রশাসনকে রাজ্যপালের নাম জানতে হয়। এমনটাই দাবি করেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা। এমনিতে রাজ্যসভায় ইংরেজিতে বক্তৃতা করেন ডেরেক। কিন্তু, এদিন বাংলায় বক্তৃতা করেই রাজ্যপালকে আক্রমণ করে তিনি।
এদিন ডেরেক বলেন, “আমার মনে হয় কেউ কেউ সংবিধানের ১১তম অধ্যায় পড়েননি। বিশেষ করে রাজ্যপালের এটা পড়েননি। কারণ, এই অধ্যায়ে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী জনতার দ্বারা নির্বাচিত। আর রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তিনি মনোনীত। রাজ্যের মানুষের ভালো-মন্দ, অভাব অভিযোগ দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। রাজ্যপালের নয়।” তিনি আরও বলেন, “কোনও কোনও রাজ্যপাল সকালে ঘুম থেকে উঠেই দুটো টুইট করে দিচ্ছেন। ‘মর্নিং ওয়াকে’ যাওয়ার আগেই সরকার বিরোধী বিবৃতি দিয়ে দিচ্ছেন। আর দুপুরে লাঞ্চের পর ফোটোগ্রাফার নিয়ে বেরিয়ে পড়ছেন। এমন কি রাজ্য সফরেও বেরিয়ে পড়ছেন। সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন।”
বক্তৃতার কোনও ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম মুখে না আনলেও, তাঁর নিশানা যে জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar), তা বুঝতে কারও অসুবিধা হয়নি উপস্থিত সংসদ সদস্যদের। সঙ্গে রাজ্যপালকে ভারতীয় সংবিধানের বই পড়ে দেখার পরামর্শ দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news